পটুয়াখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রাস্তার ইট তুলে ফেলায় অর্ধশতাধিক পরিবারের সদস্যরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচল কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রশিদ গাজী, জসিম গাজী, সোহাগ গাজী ও শুভ গাজী নামের কয়েকজন জমিটি নিজেদের দাবি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। তিন দশক আগে স্থানীয় সালিশের মাধ্যমে শতাধিক পরিবারের চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। সম্প্রতি জমি বিক্রির পর এ নিয়ে বিরোধ শুরু হয়।
ভুক্তভোগীরা জানান, প্রশাসনের নির্দেশনা এবং স্থানীয় বিএনপি নেতা নুরুল আমীন লিটন গাজীর মধ্যস্থতায় একবার রাস্তা উন্মুক্ত করা হলেও গত শনিবার (৭ নভেম্বর) আবারও ইট তুলে চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীরা দ্রুত রাস্তা উন্মুক্ত করা এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পটুয়াখালী সদর থানা থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কেকে/এসএমএন