চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মনোহরপুর বাজারে শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে লাল রঙের ১২৫ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন ইগনিটর মোটরসাইকেল জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।
আটক আব্দুল কাদের জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯০ হাজার টাকা।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
কেকে/ এসএমএন