সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবের রহমান শামীম বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে বলা হয়েছে। দেশে ফিরলে জনগণ তার কাছ থেকে গুম ও হত্যাকাণ্ডের জবাব চাইবে।
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বাসে অগ্নিসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার তৎপরতার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শামীম বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ এ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে দল একক প্রার্থী মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাতিয়ার ১১টি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
কেকে/ এসএমএন