জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক শিক্ষার্থী তানজিদ হাসান জিসান।
৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাওয়া সম্মেলনে ‘ক্লাইমেট কানেক্টস’-এর প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তিনি। জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি ও জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন জিসান।
জিসানের এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম (সিডিএসএফ-পবিপ্রবি)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জন দেশের তরুণদের জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।
নিজের অনুভূতি প্রকাশ করে তানজিদ হাসান জিসান বলেন, প্রথমবারের মতো কপ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও ন্যায্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখতে চান।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তরুণ, নীতিনির্ধারক, গবেষক ও জলবায়ু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন সুযোগ তৈরিতে কাজ করবেন। সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে তরুণদের জলবায়ু উদ্যোগ, জলবায়ু সহনশীল শহর গঠন এবং নীতিগত সংলাপ এগিয়ে নিতে কাজে লাগাতে চান।
কপ-৩১ জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ও বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণ নিয়ে আলোচনার অন্যতম আন্তর্জাতিক আয়োজন। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নীতিনির্ধারক ও তরুণ জলবায়ুকর্মীরা অংশ নেবেন।
কেকে/ এসএমএন