| শিরোনাম: |

ছবি: প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেছে।
গ্রেপ্তার রাব্বি হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি টঙ্গীর মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক।
শিশুটির স্বজনদের অভিযোগ, গত বুধবার (৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ কক্ষে নিয়ে গরম আয়রন দিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের কয়েকটি অংশ পুড়ে যায়। পরে ঘটনা গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শিশুটির মা মাদরাসার বেতন দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হলে শিক্ষক মোস্তাকিম মাদরাসা থেকে পালিয়ে যান। পরে রোববার স্থানীয়রা আপসের কথা বলে কৌশলে তাকে মাদরাসায় ডেকে এনে আটক করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। ওই মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এসএমএন