নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন বরগুনার ঠিকাদাররা। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়ায় নির্মাণসামগ্রীর বর্তমান বাজারদরের সঙ্গে সরকারি কাজের ব্যয়ের সমন্বয় করা যাচ্ছে না। ফলে কাজ করতে গিয়ে ঠিকাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ অবস্থায় নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্সসহ সব ধরনের টেন্ডার বয়কটের ঘোষণা দেন তারা। পাশাপাশি এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত ও সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের চলমান টেন্ডার বাতিলের দাবি জানান।
বক্তারা দ্রুত ন্যায্য রেট শিডিউল প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ঠিকাদাররা।
কেকে/ এসএমএন