চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল শীল (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট রাস্তার মাথায় মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল শীল ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলবাড়ি এলাকার বিভূতিভূষণ শীলের ছেলে। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে নাজিরহাট ফকিরহাট বাজারে ব্যবসা করতেন। তিনি ফকিরহাট ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এবং ঋদ্ধিমা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে হাটহাজারীতে লক্ষ্মীপুজোয় অংশ নিয়েছিলেন উজ্জ্বল শীল। অনুষ্ঠান শেষে রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। পথে মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে উজ্জ্বল শীল, তার মেয়ে ও চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল শীলের মৃত্যু হয়। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
কেকে/ এসএমএন