নগরীর রাজস্ব আয় বাড়াতে করদাতাদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে আগামী বছর থেকে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় প্রশাসক বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান বাড়াতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করতে হবে। যারা নিয়মিত ও সর্বোচ্চ পরিমাণ কর দিয়ে নগরীর উন্নয়নে ভূমিকা রাখছেন, তাদের অবদানের স্বীকৃতি দিতেই সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন