গাজীপুরের কাপাসিয়ায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
ফারুক ফকির ফাউন্ডেশনের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিকভাবে কাপাসিয়া, চাঁদপুর ও দুর্গাপুর ইউনিয়নের ৫০টি বিদ্যালয়কে এর আওতায় আনা হয়েছে।
‘আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখিবো বারোমাস’ প্রতিপাদ্যে বিদ্যালয়গুলোর মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রতিযোগিতামূলক করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি উদ্যোগটিকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
কেকে/ এসএমএন