চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া কাজল দাশ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৭ নভেম্বর রাতে বরুমতি ব্রিজের পাশে আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পরদিন রোববার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে চন্দনাইশ থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। পিবিআইয়ের বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তিনি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিরটেক মহাজন বাড়ির মাস্টার হরিমোহন দাশের ছেলে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর রোববার রাত ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
কেকে/ এসএমএন