গবেষণায় সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় নতুন মাইলফলক অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং-২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এ সূচকে ৬১.৮ স্কোর পেয়েছে গাকৃবি।
অন্যদিকে, ৬৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
আন্তর্জাতিক র্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র্যাঙ্কিং প্রকাশ করে। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণামুখী শিক্ষা, শিক্ষক-গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু গবেষণাপত্রের সংখ্যার সূচকেই নয়, সার্বিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য সাফল্য ধরে রেখেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ বা প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতির সূচকে ৮৬তম অবস্থান অর্জন করেছে গাকৃবি। এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের প্রতিফলন।
এবারের কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এত বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন গবেষণা সূচকে গাকৃবির এ সাফল্য দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং সেই গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যেই এর সার্থকতা।
শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির দ্বিতীয় অবস্থান আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এ অর্জন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা। ভবিষ্যতেও গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র আরও সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণায় এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি গাকৃবির একাডেমিক সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রাকেও আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
কেকে/ এমএস