সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আসামির সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হত্যাসহ একাধিক মামলার আসামি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে সোমবার সন্ধ্যায় হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে থানায় ফেরার পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছালে তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের পথরোধ করে।
একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আসামিকে উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশের ওপর হামলা ও হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। তারা পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কেকে/এমএস