মাগুরা জেলায় হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে মাগুরা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পরিচর্যায় তাদের চিকিৎসা চলছে। এছাড়া সদরসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রেও হামের উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শুধু সদর হাসপাতালেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০ জন।
এ নিয়ে চলতি মৌসুমে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১ জনে। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির জানান, হামের প্রকোপ বৃদ্ধি পেলেও তা প্রতিরোধে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র। এখানে চলতি বছরে জরুরি বিভাগ, আউটডোর ও ইনডোরে লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী ভর্তি হন। এছাড়া জরুরি বিভাগে প্রায় ৫০০ এবং আউটডোরে প্রায় ১ হাজার ৬০০ রোগী নিয়মিত চিকিৎসাসেবা নিয়ে থাকেন।’
হাসপাতালের স্থান সংকুলান সমস্যা তুলে ধরে মহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালের প্রায় অর্ধেক অংশ বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ ব্যবহার করছে। নতুন ভবনের কিছু কার্যক্রম চালু থাকলেও রোগীর চাপ অনেক বেশি থাকায় প্রতিদিন হাসপাতালে প্রায় ৫০০-৬০০ রোগী অবস্থান করেন। ফলে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে বাধ্য হয়ে বারান্দা ও ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়, যা রোগীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। যতদিন পর্যন্ত মাগুরা মেডিকেল কলেজ তাদের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত না হবে এবং হাসপাতালের পুরো ভবনটি রোগীদের চিকিৎসায় ব্যবহার করা না যাবে, ততদিন এই সংকট পুরোপুরি দূর করা সম্ভব নয়। ইতোমধ্যে র্যাম্প, সিড়ি ও মূল গেটের সমস্যাসহ অন্য বিষয়গুলো সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
কেকে/এমএ