শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বাতিঘর
হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ছোট ছোট বাক্যে গল্প বলার অসাধারণ ক্ষমতা দিয়ে তিনি মুগ্ধ করেছেন কয়েক প্রজন্মের পাঠককে। কখনো হিমু, কখনো মিসির আলি, কখনো মধ্যবিত্ত পরিবারের চেনা সুখ-দুঃখের গল্পে তার সৃষ্ট চরিত্রগুলো হয়ে উঠেছে জীবন্ত। সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—সব ক্ষেত্রেই গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক।

সহজ ভাষায় জীবনের গল্প

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন হুমায়ূন আহমেদ। প্রথম উপন্যাসেই পাঠকেরা বুঝতে পারেন, গল্প বলার ভিন্ন এক ক্ষমতা নিয়ে এসেছেন এই লেখক। এরপর একের পর এক উপন্যাসে তিনি গড়ে তোলেন এমন এক সাহিত্যভুবন, যেখানে মানুষের ব্যক্তিগত অনুভূতি, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান, বিষণ্নতা ও জীবনের নানা অসংগতি মিশে গেছে একাকার হয়ে।

‘শঙ্খনীল কারাগার’, ‘অচিনপুর’, ‘অন্যদিন’, ‘ফেরা’, ‘জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল’, ‘সাজঘর’, ‘আশাবরী’, ‘ইস্টিশন’, ‘অপরাহ্ণ’, ‘তেঁতুল বনে জোছনা’, ‘লীলুয়া বাতাস’, ‘নবনী’, ‘পেন্সিলে আঁকা পরী’, ‘তিথির নীল তোয়ালে’, ‘নীল অপরাজিতা’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেয়াল’, ‘কবি’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘শ্রাবণ মেঘের দিন’সহ তাঁর অসংখ্য উপন্যাসে উঠে এসেছে সময় ও সমাজের নানা চিত্র।

মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আনন্দ, অভিমান, স্বপ্ন, ব্যর্থতা ও প্রাপ্তিকে তিনি এমন মমতায় তুলে ধরেছেন যে পাঠকেরা বারবার নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাঁর গল্পে। তাঁর লেখায় হাসির আড়ালে বিষণ্নতা যেমন জায়গা পেয়েছে, তেমনি গভীর বেদনার মধ্যেও উঁকি দিয়েছে নির্মল রসবোধ।

তার সাহিত্যের অন্যতম আকর্ষণ চরিত্র নির্মাণ। হিমু, মিসির আলি ও শুভ্র—এই তিন চরিত্রের মধ্য দিয়ে মানুষের জীবনকে দেখার তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

মুক্তিযুদ্ধও ছিল হুমায়ূন আহমেদের সাহিত্যের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি শুধু যুদ্ধ, অস্ত্র কিংবা রাজনৈতিক ঘটনার বিবরণে সীমাবদ্ধ রাখেননি; বরং সেই সময়ের সাধারণ মানুষের জীবন, ভয়, ভালোবাসা ও আত্মত্যাগের গল্প তুলে ধরেছেন। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে অবরুদ্ধ ঢাকার একটি পরিবারের অভিজ্ঞতার মধ্য দিয়ে যুদ্ধকালীন জীবনের নানা দিক তুলে ধরেছেন। অন্যদিকে ‘১৯৭১’ ও ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসে দেখিয়েছেন মুক্তিযুদ্ধের বিস্তৃত পটভূমি, মানুষের সংগ্রাম এবং ইতিহাসের নানা অধ্যায়।

টেলিভিশনের পর্দায় নতুন ভাষা

বইয়ের পাতায় যে জগৎ তৈরি করেছিলেন, আশির দশকে সেই জগৎই নতুন করে ছড়িয়ে দেন টেলিভিশনের পর্দায়। সাহিত্যের পরিচিত গণ্ডি পেরিয়ে হুমায়ূন আহমেদ হয়ে ওঠেন টেলিভিশন নাটকেরও জনপ্রিয় নাম। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাট্যকার হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।

একটির পর একটি নাটকের মধ্য দিয়ে বদলে দিতে থাকেন টিভি নাটকের গল্প বলার ধরন। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’—প্রতিটি নাটকেই ছিল আলাদা গল্প, চরিত্র এবং মানুষের জীবনকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি।

‘এইসব দিনরাত্রি’ নাটকে একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের জীবন, স্বপ্ন, সংকট ও আবেগকে তুলে ধরেছিলেন তিনি। অন্যদিকে ‘বহুব্রীহি’ নাটকে হাস্যরসের আড়ালে সমাজের অসংগতি, মানুষের ভণ্ডামি ও প্রচলিত চিন্তাভাবনাকে প্রশ্ন করেছেন। আর ‘অয়োময়’ নাটকে ঐতিহাসিক আবহ, জমিদারি সমাজের জীবনযাপন ও মানুষের ক্ষমতার দ্বন্দ্ব ফুটিয়ে তুলেছেন।

সিনেমার গল্পে নিজস্ব ভাষা

সাহিত্য ও টেলিভিশনে স্বতন্ত্র অবস্থান তৈরির পর হুমায়ূন আহমেদ মনোযোগ দেন চলচ্চিত্র নির্মাণে। এখানেও তৈরি করেন নিজস্ব এক ভাষা। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিনেমায় অবরুদ্ধ শহরের মানুষের ভয়, অনিশ্চয়তা, অপেক্ষা, ভালোবাসা ও সাহসের গল্প উঠে এসেছে। এরপর একে একে নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’। প্রতিটি সিনেমার বিষয় ও নির্মাণশৈলীতে ছিল আলাদা বৈশিষ্ট্য।

‘শ্রাবণ মেঘের দিন’ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর একটি। গ্রামীণ জীবন, প্রেম, বিচ্ছেদ ও লোকসংগীতের মেলবন্ধনে নির্মিত এ সিনেমা দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। অন্যদিকে ‘দুই দুয়ারী’তে বাস্তবতা ও কল্পনার মিশেলে তৈরি করেন ভিন্ন এক জগৎ। ‘চন্দ্রকথা’য় গ্রামীণ সমাজের জীবন ও সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন। ‘শ্যামল ছায়া’য় ফিরে গেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোতে।

তাঁর পরিচালিত শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। বিষয়বস্তুর দিক থেকে সিনেমাটি ছিল ব্যতিক্রমী। ঔপনিবেশিক আমলের জমিদারি সমাজে ঘেটুগানের শিল্পীদের জীবন, শোষণ ও বঞ্চনার বাস্তবতা তুলে ধরেছেন এতে। তাঁর চলচ্চিত্রে কৃত্রিমতার চেয়ে জীবনের স্বাভাবিকতাই বেশি গুরুত্ব পেয়েছে।

সময় পেরিয়েও অমলিন

লেখক, নাট্যকার কিংবা চলচ্চিত্র নির্মাতা—প্রতিটি পরিচয়ের বাইরেও হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতার আরেকটি জগৎ ছিল সংগীত। তাঁর গল্প, নাটক ও সিনেমায় গান কখনো শুধু বিনোদনের উপাদান হয়ে ওঠেনি; বরং গল্পের আবেগ, সময় ও পরিবেশকে আরও গভীর করেছে।

‘একটা ছিল সোনার কন্যা’, ‘চাঁদনী পসর রাইতে’, ‘যদি মন কাঁদে’, ‘বরষার প্রথম দিনে’ ও ‘ও আমার উড়াল পঙ্খীরে’—এমন অনেক গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে লোকজ সুর ও গ্রামীণ জীবনের আবহকে সংগীতের সঙ্গে মিলিয়ে তিনি গানগুলোকে দিয়েছেন আলাদা পরিচয়।

ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। তবে তাঁর সৃষ্টি থেমে নেই। বইয়ের পাতায়, টেলিভিশনের পর্দায়, চলচ্চিত্রে ও সংগীতে তাঁর গল্পের জগৎ আজও নতুন পাঠক-দর্শককে টানে। সময় পেরিয়ে গেলেও তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম তাঁকে পাঠকের স্মৃতিতে অমলিন করে রেখেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হুমায়ূন আহমেদ   ৭৯তম জন্মদিন  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close