সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
বাতিঘর
স্বদেশ চেতনার রূপকার বিপিনচন্দ্র পাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম

ইতিহাসের পাতায় কিছু মানুষ থাকেন, যাদের নাম উচ্চারিত হয় একটি ত্রয়ীর অংশ হিসেবে, অথচ তাদের প্রত্যেকের জীবন আলাদা করে পাঠ করলে বোঝা যায় একটি পূর্ণাঙ্গ অধ্যায়ের বিস্তার। ‘লাল-বাল-পাল’ নামে পরিচিত ত্রয়ীর তৃতীয়জন বিপিনচন্দ্র পাল তেমনই একজন। পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিনচন্দ্র পাল—এই তিনজনের কণ্ঠে বিংশ শতকের সূচনালগ্নে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ প্রথমবারের মতো আপসহীন, আত্মমর্যাদাসম্পন্ন এক রাজনৈতিক ভাষা খুঁজে পেয়েছিল। সেই ভাষার সবচেয়ে ক্ষুরধার ও যুক্তিনিষ্ঠ রূপটি এসেছিল বাংলার এই সন্তানের কলম ও কণ্ঠ থেকে। তিনি ছিলেন বাগ্মী, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, গ্রন্থকার এবং সর্বোপরি সম্পাদক। ইতিহাসবিদদের আলোচনায় তাঁর রাজনৈতিক বক্তৃতার প্রসঙ্গ যতটা এসেছে, সাংবাদিক হিসেবে তাঁর অবদান ততটা আলোচিত হয়নি। আজকের বাতিঘর সাজানো হয়েছে তার জীবনের নানবিধ কর্ম নিয়ে।

জন্ম ও পারিবারিক পটভূমি

ঊনবিংশ শতকের মধ্যভাগে সিলেট ছিল বাংলার পূর্বপ্রান্তের এক সবুজ, নদীবিধৌত জনপদ। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী এবং নবজাগরণের কেন্দ্র; কিন্তু সেই আলো পূর্ববঙ্গের প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে সময় নিত। এমনই এক পরিবেশে, ১৮৫৮ সালের ৭ নভেম্বর, সিলেট জেলার অন্তর্গত হবিগঞ্জের পইল গ্রামে বিপিনচন্দ্র পালের জন্ম। বছরটি ভারত-ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর এক বছর আগে ঘটে গেছে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ, আর ১৮৫৮ সালেই ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজমুকুটের হাতে চলে যায়। অর্থাৎ যে সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি পরবর্তীকালে আজীবন লড়বেন, তার নতুন কাঠামো গড়ে উঠছিল ঠিক তাঁর জন্মের সময়েই।

বিপিনচন্দ্রের পিতা রামচন্দ্র পাল ছিলেন একজন গ্রাম্য জমিদার এবং সিলেট বারের প্রভাবশালী সদস্য। অর্থাৎ পরিবারটি একদিকে ভূসম্পত্তির অধিকারী, অন্যদিকে আইন ও শিক্ষার জগতের সঙ্গে যুক্ত ছিল। এই দুই বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা পরিবেশে একজন বালকের মনে যুক্তি, ন্যায়বোধ ও সামাজিক দায়বোধের বীজ রোপিত হওয়া অস্বাভাবিক ছিল না। তবে তার ব্যক্তিত্ব গঠনে সম্ভবত সবচেয়ে গভীর প্রভাব রেখেছিলেন তার মা।

বিপিনচন্দ্রের মা ছিলেন উদার ও মানবিক গুণের অধিকারী নারী। তাদের বাসায় থেকে যেসব ছাত্র পড়াশোনা করত, তিনি তাদের সন্তানের মতোই স্নেহ করতেন, ভালোবাসতেন। সেকালে গ্রামাঞ্চলে দূরদূরান্ত থেকে আসা ছাত্ররা সচ্ছল পরিবারের আশ্রয়ে থেকে লেখাপড়া করত; সেই ছাত্রদের সঙ্গে নিজের ছেলের কোনো ভেদ না করার এই মানসিকতা শিশু বিপিনের চেতনায় সাম্য ও মানবতার এক স্থায়ী ছাপ ফেলে। জীবনীকারদের মতে, পারিবারিকভাবেই তার মধ্যে সাম্য ও মানবতাবোধের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। পরবর্তী জীবনে তিনি যখন ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে এক জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন, তখন তার শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হয় পইল গ্রামের সেই উদার গৃহাঙ্গনে।

একটি বিষয় এখানে স্মরণযোগ্য। বিপিনচন্দ্র পালের জীবনের প্রতিটি বাঁকে একটি স্থায়ী সুর শোনা যায়—ব্যক্তিস্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতি অবিচল আস্থা। সম্পাদক হিসেবে তিনি মালিকের হস্তক্ষেপ মেনে নেননি, রাজনীতিবিদ হিসেবে প্রভাবশালী নেতাদের সঙ্গেও মতপার্থক্য প্রকাশে দ্বিধা করেননি। এই স্বাতন্ত্র্যবোধের উৎস সম্ভবত সেই পরিবার, যেখানে একজন আইনজীবী পিতা যুক্তির মূল্য বুঝতেন এবং একজন মানবিক মা মানুষের মর্যাদাকে সবার ওপরে স্থান দিতেন। শৈশবের এই শিক্ষা কোনো পাঠ্যপুস্তকে লেখা ছিল না, কিন্তু তা-ই তাঁর পরবর্তী সমগ্র জীবনদর্শনের ভিত্তি রচনা করেছিল।

শিক্ষাজীবন, মানস-গঠন ও ব্রাহ্ম আন্দোলন

বিপিনচন্দ্রের প্রাথমিক শিক্ষা সিলেটেই। তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সেকালে এন্ট্রান্স পাস করা মানেই ছিল উচ্চশিক্ষার দরজায় পৌঁছানো, আর উচ্চশিক্ষার অর্থ ছিল কলকাতায় যাত্রা। বিপিনচন্দ্রও সেই পথেই এগোলেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। প্রেসিডেন্সি তখন বাংলার মেধাবী তরুণদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। কিন্তু প্রথাগত ডিগ্রি তাঁর নিয়তিতে লেখা ছিল না; তিনি সেখান থেকে পাস করার আগেই পড়াশোনা ছেড়ে দেন।

তবে এর মানে এই নয় যে তার শিক্ষা থেমে গিয়েছিল। বরং কলেজের চার দেয়ালের বাইরে কলকাতার বৌদ্ধিক পরিবেশই হয়ে উঠেছিল তার আসল পাঠশালা। ছাত্রজীবনে তিনি তৎকালীন বাংলার বেশ কয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন—তাদের মধ্যে ছিলেন কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী এবং বিজয়কৃষ্ণ গোস্বামী। এরা প্রত্যেকেই ব্রাহ্ম আন্দোলনের স্তম্ভস্বরূপ। ব্রাহ্মসমাজ তখন কেবল একটি ধর্মীয় সংগঠন ছিল না; তা ছিল সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ, জাতিভেদবিরোধিতা ও যুক্তিবাদী চিন্তার এক আন্দোলন। এই মনীষীদের আদর্শে প্রভাবিত হয়ে বিপিনচন্দ্র ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন।

এই সিদ্ধান্ত তরুণ বিপিনের জন্য সহজ ছিল না। রক্ষণশীল সমাজে ব্রাহ্মধর্ম গ্রহণের অর্থ ছিল সামাজিক চাপ ও বিরোধিতার মুখোমুখি হওয়া। কিন্তু বিপিনচন্দ্র নিজের বিশ্বাসে অটল থেকেছেন। ব্রাহ্মসমাজের সংস্পর্শে এসে তিনি যে শুধু ধর্মীয় চেতনা পেয়েছিলেন তা নয়, পেয়েছিলেন প্রগতিশীল সমাজচিন্তার একটি কাঠামো। সম্পাদনার প্রথম পর্বে হিন্দু বিধবা পুনর্বিবাহ ও অন্যান্য সমাজসংস্কারের সমর্থনে তিনি যে কলম ধরেছিলেন, তার উৎসও ছিল এই ব্রাহ্ম-প্রভাবিত মানসগঠন।

পরবর্তী জীবনে তার ধর্মমতেও পরিবর্তন এসেছে। তিনি ব্রাহ্মত্ব কখনো ত্যাগ করেননি, কিন্তু ধীরে ধীরে তার ধর্মচিন্তা বিবর্তিত হয়ে ১৮৯৫ সালে বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে তিনি বৈষ্ণব সাধনার প্রতি অনুরাগী হন। বাইরে থেকে এটিকে বিপরীতমুখী যাত্রা মনে হতে পারে, কিন্তু আসলে এর মধ্যে এক ধরনের সমন্বয়ের প্রবণতা লক্ষ করা যায়। তার সম্পাদিত ‘আলোচনা’ পত্রিকার উদ্দেশ্যই ছিল হিন্দু ও ব্রাহ্ম রক্ষণশীলতার মধ্যে যুক্তিসম্মত বোঝাপড়া ও সমন্বয়সাধন। অর্থাৎ বিভেদের জায়গায় মিলনের পথ খোঁজা ছিল তার মানসিকতার মূল বৈশিষ্ট্য। আবার ‘কৃষ্ণতত্ত্ব’-এর মতো গ্রন্থ রচনায় তার বৈষ্ণব দর্শনের গভীর অনুসন্ধানের প্রতিফলন দেখা যায়।

এই পর্বে আরেকটি বিষয় লক্ষণীয়। বিপিনচন্দ্র কোনো একটি মতবাদের কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেননি। ব্রাহ্ম হয়েও তিনি বৈষ্ণব সাধনায় আকৃষ্ট হয়েছেন; উগ্র জাতীয়তাবাদী রাজনীতিতে অংশ নিয়েও তিনি বাল গঙ্গাধর তিলকের হিন্দু জাতীয়তাবাদের সমর্থক ছিলেন না। তার নিজস্ব তত্ত্ব ‘যৌগিক স্বাদেশিকতা’-এর ধারণায় বহু ধর্ম, বহু ভাষা ও বহু সংস্কৃতির এক সম্মিলিত জাতিসত্তার কথা বলা হয়েছে। এই উদার জাতীয়তাবোধের বৌদ্ধিক ভিত্তি তৈরি হয়েছিল কলকাতার সেই বিতর্কমুখর, সংস্কারমুখী পরিবেশে—যেখানে তরুণ বিপিনচন্দ্র প্রশ্ন করতে শিখেছিলেন, যুক্তি দিয়ে বুঝতে শিখেছিলেন এবং নিজের মত নির্ভয়ে প্রকাশ করার সাহস অর্জন করেছিলেন।

কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ

বিপিনচন্দ্রের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। ১৮৭৯ সালে তিনি একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরিজীবন শুরু করেন। কিন্তু শ্রেণিকক্ষের চার দেয়ালে তার মতো অস্থির, প্রশ্নশীল মানুষকে বেঁধে রাখা সম্ভব ছিল না। পরবর্তী বছরগুলোতে তিনি নানা দায়িত্বে নিজেকে নিযুক্ত করেছেন। ১৮৯০ থেকে ১৮৯১ সাল পর্যন্ত তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির সম্পাদক ও গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন। বইয়ের জগতে এই সান্নিধ্য তাঁর পাঠাভ্যাস ও চিন্তার পরিধিকে আরও বিস্তৃত করেছিল বলেই মনে করা যায়। পরবর্তী কালের রচনায় যে বিস্ময়কর বিষয়-বৈচিত্র্য দেখা যায়, রাজনীতি থেকে ধর্মতত্ত্ব, জীবনী থেকে উপন্যাস, তার পেছনে এই অধ্যয়নশীল জীবনের ভূমিকা অনস্বীকার্য।

সক্রিয় রাজনীতিতে বিপিনচন্দ্রের প্রবেশ ঘটে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে। সুরেন্দ্রনাথ তখন বাংলার রাজনৈতিক আকাশের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন। তার বাগ্মিতা ও সংগঠনশক্তি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করত। কিন্তু সুরেন্দ্রনাথের নরমপন্থি ধারা, অর্থাৎ আবেদন-নিবেদনের রাজনীতি, বিপিনচন্দ্রকে বেশিদিন ধরে রাখতে পারেনি। বিদেশ-ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা তার মনে যে প্রশ্ন জাগিয়েছিল, তার উত্তর তিনি খুঁজে পেলেন আরও দৃঢ়, আরও আপসহীন পথে। ক্রমে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং অরবিন্দ ঘোষের চিন্তার সংস্পর্শে এসে তিনি চরমপন্থি রাজনীতির অন্যতম মুখ হয়ে ওঠেন। ভারতের রাজনীতিতে এই তিন সহযোদ্ধা, তিলক, লাজপত রায় ও বিপিনচন্দ্র, ‘লাল-বাল-পাল’ ত্রয়ী নামে পরিচিতি লাভ করেন।

তবে ইতিহাসের এই ত্রয়ী পরিচয়ের আড়ালে বিপিনচন্দ্রের স্বাতত্র্য ঢাকা পড়ে গেলে ভুল হবে। তিলকের হিন্দু জাতীয়তাবাদের তিনি সমর্থক ছিলেন না। তার কাছে স্বদেশপ্রেম মানে ছিল সকল ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে নিয়ে এক বৃহত্তর ভারতীয় সত্তা গড়ে তোলা। এই দৃষ্টিভঙ্গির কারণে তিনি ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয়তাবাদের কথা বলতে পেরেছিলেন, যদিও বাস্তবের রাজনীতিতে এই অবস্থান তাঁকে অনেক সময় একা করে দিয়েছে।

জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক আসে বিদেশ-ভ্রমণে। ইংল্যান্ড ও আমেরিকা হয়ে ভারতে ফেরার পথে নিউইয়র্কের একটি পাঠাগারে এক অজ্ঞাতনামা মার্কিন ভদ্রলোকের সঙ্গে আলাপের অভিজ্ঞতা বিপিনচন্দ্রের চিন্তায় গভীর ছাপ ফেলে। তিনি উপলব্ধি করেন, বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন পেতে হলে আগে দেশকে স্বাধীন করতে হবে, আর সেজন্য ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে এক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা অপরিহার্য। এই উপলব্ধিই পরবর্তীকালে তাঁর সাংবাদিকতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের চালিকাশক্তি হয়ে ওঠে।

জীবনের শেষ পর্যায়ে এসে অবশ্য রাজনীতির মঞ্চে তার অবস্থান বদলে যায়। অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও তার রূপায়ণ-পদ্ধতি নিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর মতের মিল হয়নি। ১৯২১ সালের দিকে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। এ নিয়ে সূত্রভেদে কিছু ভিন্ন বিবরণ পাওয়া যায়। কোথাও মতভেদের কথা এসেছে গান্ধীর সঙ্গে, কোথাও আন্দোলনের পদ্ধতি নিয়ে মতিলাল নেহরুর সঙ্গে। তবে মূল কথাটি অভিন্ন: নিজের বিবেচনায় যা ভুল মনে হয়েছে, জনপ্রিয় স্রোতের বিপরীতে গিয়েও তিনি তার বিরোধিতা করেছেন। এটাই ছিল তাঁর চরিত্রের সবচেয়ে বড় পরিচয়, যা তাকে সম্মানও এনে দিয়েছে, আবার নিঃসঙ্গও করেছে।

সাহিত্য সাধনা ও সাংবাদিকতা

বিপিনচন্দ্র পাল ছিলেন একই সঙ্গে লেখক ও সম্পাদক। বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই তিনি সমান স্বাচ্ছন্দ্যে কলম চালিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের তালিকায় আছে উপন্যাস ‘শোভনা’ (১৮৮৪), প্রবন্ধগ্রন্থ ‘ভারত সীমান্তে রুশ’ (১৮৮৫), জীবনী ‘মহারাণী ভিক্টোরিয়া’ (১৮৮৯), ‘জেলের খাতা’ (১৯০৮), ‘চরিতকথা’ (১৯১৬), ‘সত্য ও মিথ্যা’ (১৯১৭) এবং আত্মজীবনী ‘সত্তর বছর’। মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে ‘সুবোধিনী’, ‘চরিত্রচিত্র’, ‘নবযুগের বাংলা’, ‘মার্কিনে চার মাস’ ও ‘রাষ্ট্রনীতি’। এ ছাড়া ‘সাহিত্য সাধনা’, ‘শতবর্ষের বাংলা’ ও ‘কৃষ্ণতত্ত্ব’-এর মতো রচনাও তার কীর্তির অংশ। ইংরেজিতে লেখা ‘The New Spirit’, The Soul of India, Memories of My Life and TimesÕ, The Battle of Swaraj’ প্রভৃতি গ্রন্থ তার রাজনৈতিক ও দার্শনিক ভাবনার স্মারক।

তবে এই সাহিত্যকর্মের পাশাপাশি তার সাংবাদিকতা এক স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। তার পরিচয় হিসেবে বাগ্মী ও রাষ্ট্রনায়ক কথাগুলো সর্বজনস্বীকৃত, কিন্তু সাংবাদিকতা তার জীবনসাধনায় কোনোভাবেই উপেক্ষণীয় নয়। মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক ও দৈনিক মিলিয়ে বাংলা ও ইংরেজিতে প্রায় এক ডজনের বেশি, কোনো কোনো হিসাবে প্রায় চৌদ্দটি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন।

সাংবাদিক জীবনের সূচনা ১৮৮০-র দশকের মাঝামাঝি, শ্রীহট্ট শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘পরিদর্শক’-এর সম্পাদনার দায়িত্ব গ্রহণের মাধ্যমে। বিপিনচন্দ্রের নিজের মতে, সেই সময়ে শুধু শ্রীহট্ট নয়, প্রায় সমগ্র বাংলার শিক্ষিত জনমত প্রকাশের অন্যতম শক্তিশালী বাহক হয়ে উঠেছিল এই পত্রিকা। পত্রিকার নীতি ও সমস্যা স্বাধীনভাবে দেখাশোনার যে সুযোগ এখানে মিলেছিল, তা তাঁকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে। ১৮৮৪ সালে সাধারণ ব্রাহ্মসমাজের কিছু যুবককে নিয়ে তিনি প্রকাশ করেন মাসিক ‘আলোচনা’। এর লেখক তালিকায় ছিলেন রাজনারায়ণ বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব। হিন্দু বিধবা পুনর্বিবাহ ও অন্যান্য প্রগতিশীল সমাজসংস্কারের সমর্থনে এই পত্রিকার পাতায় তিনি কলম ধরেন।

ইংরেজি সাংবাদিকতায় নিয়মিত শিক্ষা পান তিনি ‘বেঙ্গল পাবলিক ওপিনিয়ন’-এ, প্রথমে অবৈতনিক সহকারী সম্পাদক হিসেবে। ১৮৮৭ সালে লাহোরের ইংরেজি সাপ্তাহিক ‘ট্রিবিউন’-এ সহ-সম্পাদকের পদ পান। সম্পাদকের অনুপস্থিতিতে পাঁচ মাস সম্পাদকীয় দায়িত্ব সামলানোর পর তিনি পদত্যাগ করেন। পত্রিকার মালিক সর্দার দয়াল সিং ক্ষোভ প্রতিকারের আশ্বাস দিলেও তিনি তা গ্রহণ করেননি। আত্মজীবনীতে এর কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছিলেন, মালিক সম্পাদকের স্বাধীনতায় হস্তক্ষেপ করুন, এটা তিনি কখনো পছন্দ করেননি, যদিও সেই হস্তক্ষেপ তার অনুকূলেই হতো। সম্পাদকীয় স্বাধীনতার প্রশ্নে এমন আপসহীনতা আজকের সাংবাদিকদের জন্যও এক শিক্ষণীয় দৃষ্টান্ত।

১৮৯২ সালে তিনি প্রকাশ করেন মাসিক ‘আশা’ এবং ১৮৯৪ সালে বাংলা পাক্ষিক ‘কৌমুদী’। দুটির উদ্দেশ্যই ছিল ব্রাহ্মসমাজের ত্রুটি-বিচ্যুতির সংশোধন। এরপর ১৯০১ সালের ১২ আগস্ট প্রকাশিত হয় তার সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’। 

পত্রিকার মূলমন্ত্র ছিল For God, Humanity and the Fatherland। এর পৃষ্ঠপোষকদের একজন ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, আর প্রথম দিকের লেখকদের মধ্যে ছিলেন ভগিনী নিবেদিতা। এই পত্রিকার পাতাতেই বিপিনচন্দ্র তার যৌগিক স্বাদেশিকতা তত্ত্ব প্রচার করেন। মূলত সাংস্কৃতিক প্রচারপত্র হিসেবে শুরু হলেও পরিস্থিতির প্রয়োজনে ‘নিউ ইন্ডিয়া’ অচিরেই নব্য ভারতীয় জাতীয়তাবাদের শক্তিশালী মুখপত্রে রূপ নেয়।

‘নিউ ইন্ডিয়া’-র ১৯০৪ সালের ৭ জুলাই সংখ্যায় প্রকাশিত ঞযব চধৎঃরঃরড়হ ড়ভ ইবহমধষ শীর্ষক প্রবন্ধে তিনি প্রস্তাবিত বঙ্গভঙ্গের বিরুদ্ধে জাগ্রত জনমতের কথা উল্লেখ করে যেন ভবিষ্যদ্দ্রষ্টার মতো লিখলেন, এই অসন্তোষ এখন তেমন গুরুত্বপূর্ণ না হলেও কালক্রমে তার সম্মিলিত প্রভাব এমন হতে পারে যে সরকারের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। ইতিহাস তাঁর এই আশঙ্কাকে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করেছে।

স্বদেশি আন্দোলনে বিপ্লবী ভূমিকা

১৯০৫ সালে বঙ্গভঙ্গের ঘোষণা বাংলার রাজনীতিতে ভূমিকম্পের মতো আঘাত হানে। এর প্রতিবাদে জন্ম নেয় স্বদেশি আন্দোলন, যা অচিরেই তার আশু লক্ষ্য অতিক্রম করে ব্যাপকতর জাতীয় আন্দোলনের রূপ নেয়। বিদেশি পণ্য বর্জন, দেশীয় শিল্পের পুনরুজ্জীবন, জাতীয় শিক্ষার প্রসার এবং স্বরাজের দাবি, সবকিছু মিলিয়ে ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হয়। কংগ্রেস রাজনীতি তখন নরমপন্থি ও চরমপন্থি দুই ধারায় বিভক্ত হয়ে যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘দি বেঙ্গলী’, মতিলাল ঘোষের ‘অমৃতবাজার পত্রিকা’ এবং কালীপ্রসন্ন কাব্যবিশারদের ‘হিতবাদী’ ছিল নরমপন্থিদের শক্তিশালী মুখপত্র। চরমপন্থিদের ‘নিউ ইন্ডিয়া’ ও ‘সন্ধ্যা’ থাকলেও আন্দোলনের এই বিশাল দায়িত্ব পালনের জন্য তা যথেষ্ট ছিল না, আর ‘যুগান্তর’-ও সেই প্রয়োজন পূরণ করতে পারেনি।

এই অভাব অনুভব করেই বিপিনচন্দ্র পাল কালীঘাটের হরিদাস হালদার ও শ্রীহট্টের ক্ষেত্রমোহন সিংহের আর্থিক আনুক‚ল্যে ১৯০৬ সালের ৬ আগস্ট প্রকাশ করেন দৈনিক ইংরেজি পত্রিকা ‘বন্দেমাতরম’। পত্রিকার মূলমন্ত্র ছিল ‘India for Indians’। রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, এই মন্ত্র মহাত্মা গান্ধীর ‘কুইট ইন্ডিয়া’ মন্ত্রের অগ্রবাণী। 

‘বন্দেমাতরম’ টিকে ছিল প্রায় দু-বছরের মতো। এই অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি সাংবাদিকতার যে উচ্চমান প্রতিষ্ঠা করেছিল, তা এ দেশের সংবাদপত্রচর্চার ইতিহাসে গৌরবের বিষয়। এই পত্রিকাতেই বিপিনচন্দ্র প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হিসেবে নিষ্ক্রিয় প্রতিরোধের নীতি প্রচার করেন। নিরস্ত্র জনগণের হাতে আইন ও সংগঠনের সীমার মধ্যে থেকে অসহযোগ ও বর্জনের মতো যে রাজনৈতিক অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল, পরবর্তী গান্ধীযুগের আন্দোলনে তারই বিস্তৃত রূপ আমরা দেখতে পাই। পরিচালকমণ্ডলীর সঙ্গে মতানৈক্যের ফলে অবশ্য এক পর্যায়ে এই পত্রিকার সঙ্গে তাঁর সাময়িক সম্পর্কচ্ছেদ ঘটে।

স্বদেশি যুগে বিপিনচন্দ্রের বক্তৃতা ছিল আগুনের মতো। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাঁর অনলবর্ষী ভাষণ হাজার হাজার তরুণকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। অরবিন্দ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয়। ‘মসি যে অসি অপেক্ষা শক্তিধর’ এই প্রবাদ বিপিনচন্দ্র ও অরবিন্দ ঘোষ ছাড়া সমকালীন আর কোনো স্বদেশসেবকের জীবনে এতটা সত্য হয়ে ওঠেনি। উভয়েই কলমকে অস্ত্রের মতো ব্যবহার করেছেন এবং কলমের জোরেই একটি জাতির মনোজগৎ বদলে দিতে চেয়েছেন। ১৯০৮ সালের ‘জেলের খাতা’ নামের গ্রন্থটি তাঁর কারাজীবনের অভিজ্ঞতার স্মারক। স্বাধীনতার জন্য কারাবরণ এই সংগ্রামী জীবনের স্বাভাবিক অংশ ছিল।

১৯০৮ সালে তিনি দ্বিতীয়বার বিলেতে যান। লন্ডনে বসে ১৯০৯ সালে তিনি প্রকাশ করেন ইংরেজি পাক্ষিক ‘স্বরাজ’ এবং ‘ইন্ডিয়ান স্টুডেন্ট’। শেষোক্ত পত্রিকায় তিনি লেখেন, ছাত্রের কর্তব্য ভাবাবেগ ও পক্ষপাতের দ্বারা প্রভাবিত না হয়ে যুক্তির আলোকে প্রতিটি সমস্যার অধ্যয়ন, অনুসন্ধান ও সম্যক জ্ঞান অর্জন করা। বিপ্লবী চেতনার পাশাপাশি যুক্তিবাদী মননের এই আহ্বান বিপিনচন্দ্রের চরিত্রের অনন্য দিকটি তুলে ধরে। আর্থিক অনটনে পত্রিকা দুটি বন্ধ হয়ে যায়। দেশে ফিরে তিনি সম্পাদনা করেন ইংরেজি মাসিক ‘হিন্দু রিভিউ’, যার লক্ষ্য ছিল হিন্দু জাতীয়তাবাদের সংকীর্ণতা ছাড়িয়ে বিশ্বজনীন মানবিকতার সমন্বয়ের বাণী প্রচার করা।

পরবর্তী সময়ে ১৯১৯-২০ সালে এলাহাবাদ থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক ‘দি ডেমোক্র্যাট’ এবং দৈনিক ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। এই পত্রিকায় তিনি Non Co-operation our last chance শিরোনামে ধারাবাহিকভাবে দশটি প্রবন্ধ লেখেন। অসহযোগ আন্দোলনের কর্মসূচি রূপায়ণের পদ্ধতি নিয়ে মতিলাল নেহরুর সঙ্গে মতভেদ হলে তিনি সম্পাদকের পদে ইস্তফা দেন। এরপর ১৯২৪ সালের ১৭ জুন থেকে ১৯২৫ সালের ১৩ মে পর্যন্ত তিনি দৈনিক ‘বেঙ্গলী’-র প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। জীবনসায়াহ্নে ভবতোষ রায় সম্পাদিত সাপ্তাহিক ‘হিন্দু’-র ইংরেজি ক্রোড়পত্রের পরিচালনার ভার নেন, যা তাঁর সাংবাদিক জীবনের শেষ উল্লেখযোগ্য অধ্যায়।

বিপিনচন্দ্রের জীবনের শেষ বছরগুলো কেটেছে আর্থিক অনটনের মধ্যে। যে মানুষটি কোনো মালিকের হস্তক্ষেপ মেনে নেননি, যিনি অর্থ ও পদের লোভে আদর্শ বিসর্জন দেননি, তার শেষ জীবন যে সচ্ছল হয়নি, তা বিস্ময়ের নয়। ১৯৩২ সালের ২০ মে (বাংলা ৬ জ্যৈষ্ঠ, ১৩৩৯) তিনি মৃত্যুবরণ করেন। তাকে ‘নির্ভীক ও নির্লোভ সাংবাদিক’ বলা হয় সম্ভবত এই কারণেই।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বদেশ চেতনা   বিপিনচন্দ্র পাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

বাতিঘর- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close