এক বনে বাস করত দুই অত্যাচারী—বাঘ ও সিংহ। সিংহ থাকত বনের উত্তর দিকে, আর বাঘ দক্ষিণে। দুজনের মধ্যে সব সময় তুমুল লড়াই চলত। বাঘ বলত, “আমিই বনের রাজা!” সিংহও গর্জন করে বলত, “না, আমিই বনের রাজা!”
এ নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত তর্ক-বিতর্ক চলত। বাঘ উত্তর দিকে শিকার করলে সিংহ এসে ভাগ বসাত। আবার সিংহ দক্ষিণ দিকে শিকার করলে বাঘকেও ভাগ দিতে হতো। তাদের ক্ষমতার লড়াইয়ে মাঝখানে বলির পাঁঠা হতো বনের অসহায় প্রাণীরা।
একদিন শিয়ালের দুটি ছানা দৌড়ে উত্তরের জঙ্গলে চলে গেলে সিংহ তাদের খেয়ে ফেলল। অন্যদিন একটি হরিণছানা দক্ষিণের জঙ্গলে গেলে বাঘ সেটিকেও খেয়ে ফেলল। এভাবেই চলতে লাগল বাঘ-সিংহের অত্যাচার।
একসময় অতিষ্ঠ হয়ে বনের সব প্রাণী হাতির কাছে গিয়ে বলল, “হাতি মশাই, আপনি কিছু একটা করুন। এভাবে চলতে থাকলে আমরা কেউই বাঁচতে পারব না। আমাদের বাচ্চাকাচ্চাসহ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছি।”
পরদিন সকালে হাতি সালিশ ডাকল। সেখানে বাঘ ও সিংহকেও ডাকা হলো।
হাতি বলল, “আজ থেকে বনের উত্তর দিক সিংহের এলাকা, আর দক্ষিণ দিক বাঘের। সিংহ, তুমি দক্ষিণ দিকে যাবে না। বাঘ, তুমিও উত্তর দিকে যাবে না। রাগের বশে অকারণে কোনো নিরীহ প্রাণীকে আক্রমণ করবে না।”
হাতির রায় বাঘ ও সিংহ দুজনেই মেনে নিল।
বেশ কিছুদিন ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থা ফিরে এল। শিয়াল তার ছানাদের হারানোর শোকে বন ছেড়ে শহরে চলে গেল। কিছুদিন পর সে একটি বাইস্কোপ নামের যন্ত্র নিয়ে আবার বনে ফিরল।
বাইস্কোপ দেখে বানরের দলসহ বনের পশুপাখিরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠল। বাইস্কোপের ভেতরে পরীর মতো সুন্দর একটি মেয়ের ছবি দেখে বানর অবাক হয়ে গেল। সে আবার দেখতে চাইলে শিয়াল বলল, “স্বর্ণমুদ্রা ছাড়া আর কাউকে দেখাব না। যে যত বেশি স্বর্ণমুদ্রা দেবে, তাকে তত বেশি বার দেখাব।”
আস্তে আস্তে বাইস্কোপের কথা বাঘ ও সিংহের কানে পৌঁছে গেল। একদিন বাঘ এসে বাইস্কোপে চোখ রাখল। পরীর মতো সুন্দর মেয়েটির ছবি দেখে সে মুগ্ধ হয়ে গেল। মনে মনে ঠিক করল, এই মেয়েকেই সে বিয়ে করবে।
এরপর একদিন সিংহও বাইস্কোপ দেখল। মেয়েটির ছবি দেখে সেও মুগ্ধ হয়ে গেল। এখন বাঘ ও সিংহ দুজনেই বাইস্কোপের ছবিতে মগ্ন।
বাঘ শিয়ালের কাছে খবর পাঠাল, “বাইস্কোপের ওই মেয়েকে আমি বিয়ে করব। যেভাবেই হোক, ওকেই আমার চাই!”
সিংহও একই দাবি জানাল।
শিয়াল পড়ল মহা বিপদে। সিংহ বলল, “শিয়াল, তোমার যত স্বর্ণমুদ্রা লাগে, আমি দেব।”
বাঘ বলল, “সিংহের চেয়ে দ্বিগুণ স্বর্ণমুদ্রা দেব। কিন্তু আমাকে ছাড়া অন্য কাউকে দিলে তোর ঘাড় মটকে দেব! কথাটা মনে রাখিস!”
নিরুপায় হয়ে শিয়াল ছুটে গেল হাতির বাড়ি।
“হাতি মশাই, বাড়িতে আছেন? ও হাতি মশাই!”
হাতি তখন মন খারাপ করে বসে ছিল। কারণ, গতকাল থেকে তার বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ বলছিল, সিংহ মেরেছে; কেউ বলছিল, বাঘ মেরেছে। তবু শিয়ালের ডাক শুনে হাতি বলল, “কী বলতে এসেছ, শিয়াল? শুনলাম, শহর থেকে তুমি একটি যন্ত্র নিয়ে এসেছ।”
শিয়াল বলল, “ঠিকই শুনেছেন, কর্তা। এই যন্ত্র নিয়েই আমি মহা বিপদে পড়েছি।”
হাতি জিজ্ঞেস করল, “আবার কী হলো?”
শিয়াল হাতিকে সব ঘটনা খুলে বলল। সব শুনে হাতি মনে মনে ভাবল, এবার বাঘ ও সিংহের অত্যাচার বন্ধ করার একটা সুযোগ পাওয়া গেছে। সে শিয়ালকে বলল, “আগামীকাল তোমার যন্ত্র নিয়ে আমার বাড়িতে এসো। বাঘ ও সিংহকেও আসতে বলব।”
পরদিন সকালে হাতির বাড়িতে বাঘ, সিংহসহ বনের অন্যান্য পশুপাখি এসে উপস্থিত হলো।
হাতি বলল, “একটি যন্ত্র তো দুজনকে দেওয়া সম্ভব নয়। তাই এক কাজ করা যাক। এক সপ্তাহ পর বাঘ ও সিংহের মধ্যে লড়াই হবে। যে জিতবে, সে বাইস্কোপটি পাবে।”
বাঘ ও সিংহ মাথা নেড়ে সম্মতি জানাল।
হাতি বানরকে উদ্দেশ করে বলল, “তুমি আগামীকাল সারা বনে ঢোল পিটিয়ে বাঘ-সিংহের লড়াইয়ের খবর জানিয়ে দেবে।”
বানর হাতির কথামতো সারা বনে ঢোল পিটিয়ে ঘোষণা করল, “শুনুন, শুনুন! এক সপ্তাহ পর বাঘ ও সিংহের মধ্যে লড়াই হবে। সবাই উপস্থিত থাকবেন!”
লড়াইয়ের প্রস্তুতি শুরু হলো। শক্তি সঞ্চয়ের জন্য বাঘ ও সিংহ প্রচুর মাংস খেতে লাগল। এক সপ্তাহ পর বনের মাঝখানে লড়াইয়ের আয়োজন করা হলো। হাতি হলো বিচারক, আর শিয়াল তার বাইস্কোপ নিয়ে উপস্থিত হলো। ধীরে ধীরে বনের সব পশুপাখি সেখানে জড়ো হলো।
একসময় লড়াই শুরু হলো। বাঘ সিংহকে কামড়ে ধরছে, আবার সিংহও বাঘকে আক্রমণ করছে। কেউ কাউকে একচুলও ছাড় দিতে রাজি নয়। দর্শকেরা উত্তেজনায় চিৎকার করছে, আর কিছুক্ষণ পরপর বানর ঢোল পিটিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছে।
অনেকক্ষণ লড়াই চলল। কেউ পরাজয় মেনে নিতে রাজি নয়। একসময় বাঘ ও সিংহ দুজনই দুর্বল হয়ে পড়ল। তবু কেউ হার স্বীকার করল না। হাতি বুঝতে পারল, দুজনেরই আর উঠে দাঁড়ানোর শক্তি নেই।
এমন সময় শিয়াল হাতির কানে কানে বলল, “এই তো সুযোগ, হাতি মশাই!”
হাতি বলল, “তবে আর দেরি কেন?”
হাতির ইশারায় শিয়াল, বানর, ভাল্লুকসহ অন্য প্রাণীরা একজোট হয়ে বাঘ ও সিংহকে ঘিরে ফেলল। সবাই মিলে তাদের আটক করল, যাতে তারা আর কাউকে আক্রমণ করতে না পারে।
হাতি গম্ভীর কণ্ঠে বলল, “এত দিন তোমরা দুজন অনেক অন্যায়-অত্যাচার করেছ। কাউকে শান্তিতে থাকতে দাওনি। আজ দেখো, তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সবাই একজোট হয়েছে। তোমাদের আর এই বনে থাকতে দেওয়া হবে না। এখনই বন ছেড়ে চলে যাও। ভবিষ্যতে আর কখনো ফিরে এসে নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করবে না।”
বাঘ ও সিংহ বুঝতে পারল, তাদের শক্তি থাকলেও বনের সব প্রাণী একজোট হলে তাদের পক্ষে আর অত্যাচার চালানো সম্ভব নয়। অবশেষে তারা বন ছেড়ে চলে গেল।
শিয়ালের বুদ্ধি ও হাতির সঠিক সিদ্ধান্তে বনে শান্তি ফিরে এল। বনের প্রাণীরা আবার সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করল।
কেকে/সাশ