মাদারীপুরে এক সবুজ গ্রামে থাকত ময়না পাখি। তার কণ্ঠে ছিল মিষ্টি সুর, কথাবার্তায় ছিল বেশ মায়া। আর বরিশালের নদীর ধারের এক বনে থাকত টিয়া পাখি। তার গায়ের রং সবুজ, ঠোঁট লাল, দেখতে যেমন সুন্দর, মনটাও তেমন ভালো। একদিন এক শালিকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে একসময় দুজন দুজনকে খুব পছন্দ করতে শুরু করে।
এরপর থেকে প্রতিদিন সকালে তারা একসঙ্গে গাছের ডালে বসত। কখনো গল্প করত, কখনো গান গাইত, আবার কখনো বনের এদিক-ওদিক ঘুরে বেড়াত। ময়না গান ধরলে টিয়া সুর মেলাত। টিয়া কোনো মজার কথা বললে ময়না হেসে গড়াগড়ি খেত। তাদের বন্ধুত্ব দেখে বনের অন্য পাখিরাও খুশি হতো।
তবে সবার মন এক রকম ছিল না। তাদের এই বন্ধুত্ব একদম পছন্দ করত না এক পেঁচা। পেঁচার নাম ছিল গম্ভীর চাঁদ। সে মনে মনে ভাবত, ময়না আর টিয়ার চেয়ে সে অনেক বেশি সুন্দর, বুদ্ধিমান ও পরিশ্রমী। কিন্তু কেউ তাকে তেমন পাত্তা দিত না। এ নিয়ে তার মনে বেশ ক্ষোভ ছিল।
একদিন পেঁচা খবর পেল, ময়না আর টিয়ার বিয়ের কথা চলছে। খবর শুনে তার মাথায় যেন আগুন জ্বলে উঠল।
সে সোজা উড়ে গেল ময়নার বাবার কাছে।
চাচা, আপনার মেয়ের বিয়ের কথা শুনলাম। কিন্তু একটা কথা না বলে পারছি না।
ময়নার বাবা অবাক হয়ে বললেন, কী কথা বলো তো?
পেঁচা গলা খাঁকারি দিয়ে বলল, ময়না একেবারেই অলস। সারাদিন ঘুমায়, ঠিকমতো কোনো কাজ করে না। সে কীভাবে টিয়ার সংসার সামলাবে? বরং আমাকে জামাই হিসেবে ভাবতে পারেন। আমি সারা রাত জেগে থাকি। রাতের সব খবর আমার জানা। দিনেও চোখ ভালো দেখি। আমি অনেক পরিশ্রমী। ময়নাকে আমার সঙ্গে বিয়ে দিলে সে অনেক ভালো থাকবে।
ময়নার বাবা হেসে বললেন, কিন্তু ময়না তো টিয়াকে পছন্দ করে। তাছাড়া বিয়ে তো শুধু সুন্দর হওয়া কিংবা রাত জেগে থাকার প্রতিযোগিতা নয়। সংসার করতে হলে ভালো মনও লাগে।
পেঁচা মুখ কালো করে চলে গেল। তবে তার ষড়যন্ত্র থামল না।
এদিকে ময়না ও টিয়ার বিয়ের প্রস্তুতি চলছিল জোরেশোরে। বনের রাজা সিংহের অনুমতি নিয়ে পাখিদের রাজ্যে বিয়ের আয়োজন করা হলো। ঈগল পাখি ছিল তাদের দুজনের খুব ভালো বন্ধু। সে বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল।
ঈগল বলল, তোমাদের বিয়েতে কোনো ঝামেলা হতে দেব না। মাদারীপুর থেকে বরযাত্রী আসবে, বরিশাল থেকে কনের আত্মীয়স্বজন আসবে। মাঝখানের বড় বটগাছের নিচে হবে বিয়ের আসর।
কাঠঠোকরা মঞ্চ সাজাতে লাগল। বাবুই পাখিরা রঙিন ফুল দিয়ে সাজাল গাছের ডাল। কোকিল গান গাওয়ার দায়িত্ব নিল। দোয়েল আর শালিকেরা অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করল। কাঠবিড়ালিরা বাদাম ও ফলমূল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল।
কিন্তু পেঁচা তখন অন্য পরিকল্পনা করছে।
সে একদিন রাতে চুপিচুপি গিয়ে বিয়ের আসরের সাজানো ফুলগুলো নষ্ট করে দিল। খাবারের ঝুড়িগুলো উল্টে দিল। তারপর মনে মনে বলল, দেখি এবার কীভাবে বিয়ে হয়!
পরদিন সকালে ঈগল সব দেখে অবাক। সে বুঝতে পারল, নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এমন করেছে।
ঈগল বলল, ভয় পেয়ো না। কে করেছে, তা আমি খুঁজে বের করব।
সে বনের বিভিন্ন জায়গায় উড়ে উড়ে খোঁজ নিতে লাগল। একসময় একটি পুরোনো শিমুলগাছের পাশে পেঁচার পালক দেখতে পেল। ঈগল বুঝতে বাকি রইল না, এর পেছনে কার হাত রয়েছে।
সন্ধ্যায় বনের সব পাখিকে নিয়ে একটি সভা ডাকল ঈগল। সেখানে ময়না, টিয়া, ময়নার বাবা, সিংহরাজসহ অনেক পাখি উপস্থিত হলো।
ঈগল বলল, আমাদের আনন্দের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমি কাউকে অপমান করতে চাই না। তবে সত্যিটা সবার জানা দরকার।
এরপর সে পেঁচার পালকটি দেখাল।
পেঁচা প্রথমে অস্বীকার করল। কিন্তু কিছুক্ষণ পর আর চুপ থাকতে পারল না।
সে বলল, হ্যাঁ, আমিই করেছি। ময়না আর টিয়ার বন্ধুত্ব আমার ভালো লাগত না। আমি মনে করতাম, ময়নার জন্য আমার চেয়ে ভালো পাত্র আর কেউ হতে পারে না।
সিংহরাজ গম্ভীর কণ্ঠে বললেন, পেঁচা, তুমি রাত জেগে থাকো, ভালো কথা। কিন্তু নিজের ভালো গুণের কথা বলতে গিয়ে অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া কোনো ভালো কাজ নয়। প্রত্যেকেরই আলাদা গুণ রয়েছে। কেউ দিনে ভালো দেখে, কেউ রাতে। তাই বলে কেউ কারও চেয়ে ছোট হয়ে যায় না।
ময়নার বাবা বললেন, আমার মেয়ে অলস নয়। সে যখন বিশ্রাম নেয়, তখন সেটাও তার স্বাভাবিক জীবনযাপনের অংশ। আর টিয়া ও ময়না একে অপরকে সম্মান করে। তাদের পছন্দকে আমরা সম্মান করি।
পেঁচা মাথা নিচু করে রইল।
ঈগল এবার বলল, পেঁচা ভাই, তুমি চাইলে আমাদের সঙ্গে আনন্দে থাকতে পারতে। কারও সুখ নষ্ট করে নিজের সুখ খুঁজে পাওয়া যায় না।
পেঁচা নিজের ভুল বুঝতে পারল। সে ময়না ও টিয়ার কাছে ক্ষমা চাইল।
ময়না মিষ্টি হেসে বলল, ভুল সবাই করতে পারে। তবে সেই ভুল বুঝতে পারাটাই বড় কথা।
টিয়া বলল, তুমি আমাদের বিয়েতে আসবে। তবে আর কারও নামে মিথ্যা কথা বলবে না।
পেঁচা মাথা নেড়ে সম্মতি দিল।
অবশেষে এলো সেই কাক্সিক্ষত বিয়ের দিন। মাদারীপুর থেকে ময়নার আত্মীয়স্বজন আর বরিশাল থেকে টিয়ার বন্ধুবান্ধব এসে হাজির হলো। বনের মাঝখানে বিশাল বটগাছের নিচে বসানো হলো বিয়ের আসর। চারদিকে ফুলের মালা, রঙিন পাতা আর জোনাকির আলোয় ঝলমল করছিল পুরো বন।
কোকিল গান ধরল, দোয়েল নাচতে শুরু করল। কাঠঠোকরা ঠুকঠুক শব্দে বাজনার তালে তাল মেলাল। ঈগল পাখি বরযাত্রীদের অভ্যর্থনা জানাল।
বনের রাজা সিংহের উপস্থিতিতে ময়না ও টিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। সবাই আনন্দে মেতে উঠল।
বিয়ের শেষে ময়না ও টিয়া ঈগলকে ধন্যবাদ জানাতে গেল।
ময়না বলল, তুমি পাশে না থাকলে আমাদের বিয়েটা এত সুন্দর হতো না।
ঈগল হেসে বলল, বন্ধুত্বের মানেই তো বিপদে পাশে থাকা।
দূরে এক ডালে বসে পেঁচা সব দেখছিল। এবার তার মনে কোনো হিংসা ছিল না। বরং সে খুশি মনে ভাবছিল, অন্যের আনন্দে আনন্দিত হতে পারাটাও এক ধরনের সুখ।
কেকে/সাশ