যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের দোরমুটিয়া কলু পাড়ার ইটের সলিং রাস্তাটি প্রতি বছরই দুই বার করে ইট তুলে দিয়ে ভোগান্তির মুখে ফেলেছে অর্ধশতাধিক পরিবারকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের পাইনপাড়াস্থ কেশবপুর-ত্রিমোহীনি সড়কের মেইন রোড থেকে তরিকুলের বাড়ির বাশতলা মোড় হতে কাউখোলার বিল অভিমুখে একটি শতবর্ষীয় রাস্তা রয়েছে। যা গত -১০-১২ বছর পূর্বে সরকারিভাবে ইটের সলিং রাস্তা করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। সেই থেকে রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে।
এটি এলাকার কৃষকদের ফসল আনা নেওয়া, রোগী পরিবহন, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তা।
রোববার (১৪ জুন) সকালে দোরমুটিয়া গ্রামের সোনাই মোড়লের ছেলে খালেক মোড়ল, আব্দুল আহাদের ছেলে মাসুদুর রহমান বাচ্ছু, আবুল বাশার, অহিদুল, হাফিজুর, নজরুল, মফিজুর, এরশাদ, মারুফ ও মজনু জোরপূর্বক রাস্তাটি দখলে নিয়েছে। ইটের সলিং রাস্তা উঠিয়ে দিয়ে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বারবার অনুরোধ করলেও তারা তা মানতে নারাজ।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাপা ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য এলাকার কাউকে পাত্তা না দিয়ে নিজেই সুকৌশলে বিভিন্ন রকম হুমকি-ধমকি দিয়ে আসছেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এমএ