সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাউফলে অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও দরপত্র অনুযায়ী সড়ক নির্মাণকাজ না করার অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধ করার আধাঘণ্টার মধ্যে দলীয় প্রভাব বিস্তার করে ওই কাজ চালু করে দেন উপজেলা ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলের সামনের সড়কের নির্মাণকাজে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালাইয়া বন্দরের ল্যাঙড়া মুন্সীর পোল থেকে পূর্ব দিকে সুন্দরী সিনেমা হলের সামনের সড়কের ৯৮ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু করে পটুয়াখালী সড়ক বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে সড়কের সিসি ঢালাইয়ের কাজ শুরু করেন ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। সড়কের সিসি ঢালাইয়ের কাজে নিম্নমানের লবণাক্ত সিলেকশন বালু ব্যবহার, ঢালাই ৩ ইঞ্চির কম দেওয়া এবং সড়কের প্রস্থ ১৮ ফুটের কম রাখাসহ নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করা হয়।

এ বিষয়ে এলাকাবাসী কাজের মান তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলামের কাছে অভিযোগ করেন এবং জনসম্মুখে নির্মাণকাজের দরপত্র মেনে কাজ করার অনুরোধ জানান।

দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী বিষয়টি এড়িয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধের আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আসেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজ শুরু করতে শ্রমিকদের নির্দেশ দেন। পরে শ্রমিকরা একই নির্মাণমানের সামগ্রী দিয়েই কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের আরসিসি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণকাজটির দায়িত্ব পায় মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

উত্তম নামে একজন সাব-ঠিকাদার কাজ শুরু করেন। অনিয়মের কারণে স্থানীয়রা কাজ বন্ধ করে দিলে বিষয়টি উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদকে জানানো হয়। ফাহাদ আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে ক্ষমতার প্রভাব খাটিয়ে পুনরায় কাজ চালু করার নির্দেশ দেন। পরে শ্রমিকরা কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ পঞ্চায়েত বলেন, ‘সড়ক নির্মাণকাজে সিলেকশন বালু বা সিলেট চান বালুর পরিবর্তে ময়লাযুক্ত চট্টগ্রামের লবণাক্ত বালু ব্যবহার করা হচ্ছে। ৩ ইঞ্চি পুরুত্বের সিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও দেড় ইঞ্চি পুরুত্বের ঢালাই দেওয়া হচ্ছে। দায়িত্বে থাকা প্রকৌশলীকে বিষয়টি দেখার জন্য বললে তিনি না দেখার ভান করেন। পরে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেয়। পরে ছাত্রদলের সভাপতি ফাহাদ এসে কাজ শুরু করার নির্দেশ দেন, শ্রমিকরা কাজ শুরু করেন।’

আরেক বাসিন্দা মো. মনজু বলেন, ‘দরপত্র অনুযায়ী কাজ করা হচ্ছে না। ঠিকাদার মনগড়াভাবে কাজ করছেন। নির্মাণকাজের শিডিউল দেখতে চাইলেও তিনি তা দেননি। কাজে দুর্নীতি ও অনিয়ম করার জন্যই শিডিউল গোপন রেখে মনগড়াভাবে কাজ করা হচ্ছে। কাজে বাধা দিলেও তা মানা হচ্ছে না। প্রভাব খাটিয়ে ঠিকাদার অনিয়মের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন।’

এদিকে, নির্মাণকাজের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে এনটিভি অনলাইন বিভাগের বাউফল ও দুমকি উপজেলা করেসপন্ডেন্ট এম এ হান্নান এবং খবরপত্রের উপজেলা প্রতিনিধি এইচ এম বাবলুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদ। এ সময় তিনি সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংবাদিকদের মুঠোফোনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, “কাজ বন্ধ কিংবা চালু করার কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। সাংবাদিকদের গালাগাল করার অভিযোগও সত্য নয়।”

নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম বলেন, ‘‘নির্মাণকাজের শিডিউল তার কার্যালয়ে রয়েছে।’’

আর অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কোনো অনিয়ম হচ্ছে না।”

ঠিকাদারের পক্ষে নির্মাণকাজের দায়িত্বে থাকা উত্তম বলেন, “তিনি শুধু শ্রমিক দিয়ে কাজ করান। মালামাল সরবরাহ করেন ঠিকাদার।”

এ বিষয়ে মুঠোফোনে কহিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাশেদুল ইসলাম বলেন, “তিনি এ বিষয়ে সরাসরি কথা বলবেন।”

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল বলেন, “সড়কের নকশা অনুযায়ী নির্মাণকাজ হবে। তা কাউকে দেখাতে তো সমস্যা হওয়ার কথা না। লুকোচুরি করে কাজ করার সুযোগ নেই। এ বিষয়টি তিনি দেখবেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক নির্মাণ   বন্ধ   এলাকাবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close