চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সহকারী প্রোগ্রামার (আইসিটি) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমান (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে জীবননগর শহরের বসুতিপাড়া এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ৩ বছর পূর্বে তিনি জীবননগরে আইসিটি অফিসার পদে যোগদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ইতি খাতুনের সাথে বিবাদের কারণে এক সন্তানের জনক মাহমুদুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন।
স্ত্রী ইতি খাতুন জানান, তাদের স্বামী- স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝামেলা হতো, তা আবার মিটেও যেতো। তিনি বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার রাতে কিম্বা শুক্রবার তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সকালে তিনি ছেলের জন্য জুস আনতে যান। জুস কিনে আনার পর ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তিনি দরজা ধাক্কাধাক্কি করেন। পরে প্রতিবেশী ডেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান।
জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, মামমুদুর রহমানের মৃতদেহ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানাতে নেওয়া হয়েছে।
কেকে/এলএ