বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
দেশজুড়ে
তিস্তা মহাপরিকল্পনার নামে প্রহসন করা হচ্ছে: এমপি সালেহী
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার কারিগরি দল বা এক্সপার্ট এনে তিস্তাপাড়ের মানুষের সাথে প্রহসন করছে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, ‘এটি সরকারের লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। আন্দোলন হয় তিস্তায়, অথচ বাজেট যায় পদ্মায়। এত বিশাল বাজেট পাস হলো, কিন্তু তাতে তিস্তা মহাপরিকল্পনার কোনো রূপরেখা বা বরাদ্দ নেই।’

শনিবার (২০ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট (দক্ষিণ ভোটমারী) তিস্তা নদীপাড়ে আয়োজিত এক বিশাল মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র ব্যানারে তিস্তাপাড়ের ৫ জেলার হাজারো মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন, ‘আমরা এই মহাপরিকল্পনার ক্রেডিট (কৃতিত্ব) নিতে চাই না। সরকার নিজেই ক্রেডিট নিয়ে এটি দ্রুত বাস্তবায়ন করুক। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, আমরা শুধু তার বাস্তবায়ন চাই। শিক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে অহেতুক টাকা পড়ে রয়েছে; সেখান থেকে এনে হলেও তিস্তাপাড়ের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।’

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘তিস্তা বাঁচাও আন্দোলনে যিনি একসময় নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আজ সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাহলে কেন বাজেটে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো রূপরেখা বা অর্থ রাখা হলো না? তার মানে কি তারা তিস্তা বাঁচানোর জন্য নয়, শুধু ভোটের জন্য আন্দোলন করেছিলেন? এত বড় বাজেট থেকে আজ রংপুরবাসী চরম বৈষম্যের শিকার।’ 

দাবি মানা না হলে রংপুরবাসী ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নদীর তীরে পানিতে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে এই মানববন্ধনে অংশ নেন এবং দ্রুত কাজ শুরুর তাগাদা দেন। বক্তারা সরকারের সাম্প্রতিক প্রতিনিধি দল ও তিন মন্ত্রীর নদী পরিদর্শনকে ‘নতুন প্রহসন’ বলে আখ্যায়িত করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের শূরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তিস্তা মহাপরিকল্পনা   প্রহসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close