প্রয়াত নাট্যকার, নির্দেশক ও সংগঠক মান্নান হীরার ৭০তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল।
আগামীকাল সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মান্নান হীরা রচিত দর্শকনন্দিত নাটক ‘ময়ূর সিংহাসন’ মঞ্চস্থের মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। এতে অভিনয় করবেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, রুবলী চৌধুরী, সাঈদ সুমন প্রমুখ।
আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ জুলাই) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে। সেখানে অনুষ্ঠিত হবে ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’। এ বছর স্মারক বক্তৃতা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক, নির্দেশক ও অভিনেতা ইউসুফ হাসান অর্ক।
আয়োজকরা জানান, স্বাধীনতাত্তোর বাংলাদেশে নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে আরণ্যক নাট্যদল। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি নাট্যচর্চার মাধ্যমে দেশপ্রেম, বঞ্চিত মানুষের অধিকার ও সামাজিক অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিকাশে নাট্যদলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, নাট্যকার মান্নান হীরার স্মৃতিকে ধারণ ও তার নাট্যভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ২০২২ সাল থেকে ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ প্রবর্তন করে আরণ্যক নাট্যদল। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্মারক বক্তৃতার পঞ্চম আসর।
কেকে/এমএ