বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম: ভিডিওকাণ্ডে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম      হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩      বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর      এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের      রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত      মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা      রংপুর কারাগারে ছামিউল সাম্রাজ্য      
শিক্ষা
বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম
বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (RISE)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জনের পর আরও দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

কুমিল্লার কোর্টবাড়ী এলাকায় জন্ম নেওয়া ড. শরীফুল ইসলাম ১৯৮৮ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা থেকে এসএসসিতে সম্মিলিত মেধাতালিকায় ১২তম এবং ১৯৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসিতে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়োইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো, দুর্যোগ-সহনশীল আবাসন, সবুজ নির্মাণসামগ্রী এবং নদীর বালু ও স্থানীয় বর্জ্য ব্যবহার করে আর্থ-ব্লক প্রযুক্তি। তার উদ্ভাবিত ভেটিভার-ভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছে।

ড. শরীফুল ইসলাম ১৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই ও নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন। তিনি ‘Standard Specification for Slope Stabilization Using Vetiver Grass’ গ্রন্থের রচয়িতা এবং ‘Vetiver-based Bioengineering for Slope Stabilization’ গ্রন্থের প্রণেতা। এছাড়া দুর্যোগ-সহনশীল আবাসন বিষয়ে নকশা নির্দেশিকা ও একটি বইয়ের সহ-লেখক, যা ইংরেজি ও ফরাসি ভাষায়ও প্রকাশিত হয়েছে।

গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশি-বিদেশি মিলিয়ে ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ড. এম. ইন্নাস আলী স্মৃতি স্বর্ণপদক (২০২৩), ড. রশিদ স্বর্ণপদক, শরফুদ্দিন স্বর্ণপদক, টিভিএনআই অ্যাওয়ার্ড, কিং অব থাইল্যান্ড ভেটিভার অ্যাওয়ার্ড, ফোরাম-৮৬ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং গ্লোবাল ভেটিভার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

এ পর্যন্ত তিনি দেশি-বিদেশি ৯০টিরও বেশি এমএস ও পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বুয়েট   উপ-উপাচার্য   অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close