বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম: তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: আমির খসরু      কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া      দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত      আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী      রপ্তানির নতুন ভিত্তি হতে পারে হালাল অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী      জ্বালানি খাতে সরকারের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা      পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
লামায় সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে বিক্ষোভ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর সরকারি জমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ছাত্র-জনতা। একই সঙ্গে জমি দখলমুক্ত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশ থেকে জানানো হয়, আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৩০৫ নম্বর গজালিয়া মৌজার সাপমারা ঝিরি এলাকার ১৭০ নম্বর হোল্ডিংভুক্ত সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সুমন (ওরফে 'চাঁন্দা সুমন' বা 'স্যান্ডেল সুমন') দখল করে রেখেছেন। তাদের দাবি, প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার সুযোগে কলেজের মূল্যবান জমি বেদখলে রয়েছে।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ৭২ ঘণ্টার মধ্যে দখলমুক্ত করে কলেজের জমি কলেজ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া; ইউএনওকে বাদী করে অভিযুক্ত মো. সুমনের বিরুদ্ধে মামলা দায়ের ও দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা; উদ্ধারকৃত জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ এবং কলেজের সাইনবোর্ড পুনঃস্থাপন; আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভিত্তিহীন মামলা প্রত্যাহার; অভিযোগ পাওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জবাবদিহি নিশ্চিত করা।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৬ জুলাই থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি অধ্যক্ষের বাসভবন ঘেরাও, শিক্ষক-কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশে বাধা, লামা-চকরিয়া সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ এবং প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলেও তারা ঘোষণা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াসির আরাফাত, বাংলা বিভাগের প্রভাষক আকতার কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনজুর-ই-এলাহী এবং দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার।

এ ছাড়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার, সিনিয়র সহসভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, সদস্য মো. রাকিবুল ইসলামসহ ছাত্রনেতা এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close