শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?      পাকিস্তানে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ১২ সৈন্যসহ নিহত ১৫      মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ      ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল      ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ      রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি : স্পিকার      রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার      
দেশজুড়ে
সাঁথিয়ায় জুমার নামাজ ঘিরে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি
রফিকুল আলম রঞ্জু, পাবনা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার সাঁথিয়া পৌর এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার খুতবার ঠিক আগে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরের এ ঘটনা ঘটে। 

পরিস্থিতি উত্তপ্ত হলে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ সম্পন্ন হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা-১ জামায়াতে ইসলামীর পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান। তিনি দ্বিতীয় খুতবা শুরুর সময় উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা এতে আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরেই জামায়াত-শিবির ও এনসিপি কর্মীদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ঘটনার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ ব্যাপারে নাজিবুর রহমান মোমেন অভিযোগ করে বলেন, ‘মসজিদ কমিটির আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে খুতবার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া পরবর্তী এক কর্মীর দোকানে হামলা ও লুটপাট চালানো হয়।’

ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাদের দাবি, বিএনপির পৌর সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জীবন আহম্মেদের নেতৃত্বে সাধারণ মুসল্লি ও তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে এনসিপি সাঁথিয়া পৌর সভাপতি আবু দাউদ ফকির, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান, সাবেক শিবির নেতা শিখন মোল্লা, পৌর যুবজামায়াতের সম্পাদক সাদ্দাম ফকিরসহ বেশ কয়েকজন আহত হন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‘রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সংসদ সদস্য নিজে ইমামতি করতে চেয়েছিলেন। স্থানীয় সাধারণ মুসল্লিরা এতে আপত্তি জানান। এরপর জামায়াত-শিবির ও এনসিপির সমর্থকরা উসকানিমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

সাঁথিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনিসুর রহমান বলেন, ‘মসজিদ কমিটির অনুমতি নিয়েই নাজিবুর রহমান মোমেনকে ইমামতি করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।’

তার দাবি, খুতবা শুরুর সময় বিএনপির কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এনসিপি সাঁথিয়া উপজেলা সদস্যসচিব ফারুক হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এবং এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘এমপির ইমামতি নিয়ে ঝামেলা হতে পারে—এমন একটি আশঙ্কাজনক তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। নামাজের ঠিক আগে কথা-কাটাকাটি ও হালকা ধাক্কাধাক্কি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কোনো বড় ধরনের মারধর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাঁথিয়া   জুমার নামাজ   বিএনপি-জামায়াত   সমর্থকদের হাতাহাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close