যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বর্ণনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, “একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য।”
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চে আয়োজিত এক আন্তধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
‘সম্প্রীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক সংলাপে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরো বলেন, “বরিশাল অঞ্চলের মূল বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করছেন। এই সম্প্রীতির ঐতিহ্যই সংলাপে প্রতিফলিত হয়েছে।”
অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে সামাজিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি এখনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংগ্রাম অতিক্রম করে সমৃদ্ধি অর্জন করতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা জরুরি। সম্প্রীতি বজায় রাখা শুধু শান্তি ও স্বস্তির বিষয় নয়, এটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।”
তথ্যমন্ত্রী বলেন, “আমাদের তৈরি পোশাক রপ্তানির প্রধান কেন্দ্র যুক্তরাষ্ট্র। সেখান থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ—সবকিছুই আমাদের অর্থনীতির শক্তিশালী স্তম্ভ। এসব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ মিত্র।”
গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঞ্চালনায় সংলাপে স্থানীয় বিএনপির নেতারা ও বিভিন্ন ধর্মের প্রতিনিধি বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।
এছাড়া স্থানীয় মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।
সংলাপ শেষে দুপুরে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়েন ডাও তথ্যমন্ত্রীর সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।
কেকে/সাশ