নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে হাতিয়ার মৌলভী চরসংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় নদীতে সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দাবি, জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় ট্রলারে থাকা তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু তাহের (৫৭), ভোলার চর ভেদুরিয়া গ্রামের জয়নাল আবেদিন বেপারীর ছেলে মো. আলাউদ্দিন (৪২) এবং ভোলা দক্ষিণ দিগলি গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে মো. নিরব (৩৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কেকে/সাশ