ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) ভোরে মাইজবাগ ও মগটুলা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নাউরি গ্রামের মো. সাদ্দাম হোসেন (২৮), হারুয়া (সাদার পাড়া) গ্রামের মো. আনিছুর রহমান (৩৩) এবং ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের মো. কামরুজ্জামান (৩৪)।
পুলিশের ভাষ্যানুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাদ্দাম হোসেন ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আনিছুর রহমান ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং কামরুজ্জামান মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
বুধবার বিকালে দায়ের করা মামলায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৪৯ জনকে এজাহারভুক্ত আসামি করে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পর দিন বুধবারও ছাত্রলীগের অপর একটি অংশ মিছিল করে।
কেকে/এমএ