রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন      অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ      জবাবদিহিতা থাকলে সরকারের পদক্ষেপ জনকল্যাণমুখী হবে      দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস      টুইট করে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না, যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের      প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর : নিরাপত্তায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ      পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ      
জাতীয়
উন্নয়ন কাজে বাধা ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উন্নয়ন কাজে বাধা, রাজপথে বিশৃঙ্খলা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা উন্নয়ন কাজে বাধা দেবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে। যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, রাজনৈতিক অধিকার হরণ করতে চেয়েছিল এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের পথ বন্ধ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। জনগণ তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন সময় হচ্ছে কাজ করার, দেশকে সামনে এগিয়ে নেওয়ার। আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিতে না পারি, তাহলে দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। বিগত দিনে কীভাবে দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তা আমরা দেখেছি। সেই পাচারকারীদেরও বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। একসঙ্গে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। কারণ, এ দেশের মালিক বাংলাদেশের জনগণ। দেশকে গড়ে তুলতে হলে বাংলাদেশের জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে।’

গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল। সেই জনগণকেই এখন সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close