কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পুনরায় ব্যবসা শুরু করতে তাকে নগদ অর্থ, ঢেউটিনসহ আরও সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সুখিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবদুল মান্নান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিজান মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ইউএনও।
এ ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানটি পুনর্গঠনের জন্য তিন বান্ডিল ঢেউটিন ও আরও নয় হাজার টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার আবেদন জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে আরও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়া বলেন, ‘আগুনে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আমি অনেকটা অসহায় হয়ে পড়েছিলাম। উপজেলা প্রশাসন আমার পাশে দাঁড়িয়ে নগদ অর্থ, ঢেউটিন ও আরও অনুদানের ব্যবস্থা করেছে। ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রশাসনের এ সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়ে নতুন করে ব্যবসা শুরু করার সাহস পাচ্ছি।’
রূপম দাস বলেন, ‘মিজানের পুড়ে যাওয়া দোকানটি সরেজমিনে পরিদর্শন করে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তিন বান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে। তার আবেদন জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে আরও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে, যাতে তিনি দ্রুত ব্যবসা পুনরায় চালু করতে পারেন।’
প্রসঙ্গত, এর আগে গত ১১ আগস্ট সুখিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মিজান মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তিনি উপজেলার আজলদী গ্রামের বাসিন্দা।
কেকে/এআই