বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      
বিনোদন
রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার লন্ডন জয় করতে নামছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে আলোচনায় আসার পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছে সিনেমাটি। এর আগে এই উৎসবের মূল প্রতিযোগিতায় কোনো বাংলাদেশি সিনেমা জায়গা করে নিতে পারেনি।

নির্মাতা রুবাইয়াত হোসেন যেন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক চমক দেখিয়ে চলেছেন। ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তার নির্মিত সিনেমা।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর লড়াইয়ে রয়েছে মোট ১০টি সিনেমা। এর মধ্যে অন্যতম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

মূল প্রতিযোগিতায় থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে এর গল্প। কথিত আছে, একসময় এই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। সেই রহস্যকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার কাহিনি।

গল্পে এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য ওই পার্লারে আসে। এরপর সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্প।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হচ্ছে। এছাড়াও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক মর্যাদাপূর্ণ উৎসবে জায়গা করে নিয়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইতিমধ্যে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রুবাইয়াত হোসেন   ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’   লন্ডন চলচ্চিত্র উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close