ইতালির রোমে একটি হোটেলকক্ষ নোংরা করে রেখে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগটিকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন নগরবাউল ব্যান্ডের মুখপাত্র ও ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।
তিনি দাবি করেন, যে ৫৪৯ নম্বর কক্ষকে ঘিরে অভিযোগ উঠেছে, সেখানে জেমস কিংবা ব্যান্ডের কোনো নিয়মিত সদস্য ছিলেন না। জেমসের কক্ষ ছিল ৩৪৫ নম্বর। রবিন ছিলেন ২৪৬ নম্বর কক্ষে এবং ব্যান্ডের অন্য সদস্যরা ছিলেন ২৪৪ নম্বর কক্ষে।
রবিন বলেন, “৫৪৯ নম্বর কক্ষে ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসা তাদের এক অতিথি মিউজিশিয়ান। তিনি শুধু ওই অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন।”
পরিচ্ছন্নতা বাবদ জেমসকে ২০০ ইউরো জরিমানা করা হয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়। এ বিষয়ে রবিন বলেন,“হোটেলের নীতিমালা অনুযায়ী চাদরে সামান্য কালির দাগ পড়লেও অতিরিক্ত পরিচ্ছন্নতা চার্জ নেওয়া হতে পারে। এটি স্বাভাবিক বিষয় এবং এটিকে বড় করে দেখার কিছু নেই।”
হোটেল থেকে চেক-আউটের বিষয়ে রবিন বলেন, “তারা নিয়ম মেনেই হোটেল ছেড়েছেন। সে সময় হোটেল কর্তৃপক্ষ তাদের কোনো অভিযোগ বা জরিমানার কথা জানায়নি।”
তিনি বলেন, “আমরা যখন চেক-আউট করলাম, তখন হোটেল কর্তৃপক্ষ আমাদের কিছুই বলেনি। আমাদের সব ডকুমেন্টস তাদের কাছে ছিল। ইতালি আইন অনুযায়ী চলে। কোনো সমস্যা হলে তারা তখনই ব্যবস্থা নিতে পারত। কিন্তু কয়েক ঘণ্টা পর আয়োজকরা এই অভিযোগ নিয়ে আসেন।”
রবিন আরও জানান, “হোটেল থেকে চেক-আউট করে তারা পরবর্তী অনুষ্ঠান উপলক্ষে ভেনিসের উদ্দেশে রওনা হন।”
তার দাবি, জেমসকে ঘিরে ছড়ানো অভিযোগটি সঠিক নয় এবং বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
কেকে/সাশ