মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      
খেলাধুলা
আর্জেন্টিনার জার্সিতে মেসির যত রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল এক নান্দনিক খেলা। আর পায়ের জাদুতে এই খেলাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও অর্জনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আর্জেন্টিনার জার্সিতে যার পথচলার শুরুটা ছিল কঠিন, সেই মেসিই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন অমরত্বের স্বাদ।

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তাই আবারও আলোচনায় এসেছে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর প্রখ্যাত ব্রিটিশ ধারাভাষ্যকার পিটার ডুরি বলেছিলেন, ‘মেসি এখন স্বর্গের ঠিকানায় পৌঁছেছে।’

অর্জনের পথে মেসি গড়েছেন একের পর এক অনন্য রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে তার উল্লেখযোগ্য রেকর্ড ও অর্জনগুলো একনজরে—

দুই বিশ্বকাপে সেরা খেলোয়াড়

দুটি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা একমাত্র ফুটবলার লিওনেল মেসি। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

তিন বিশ্বকাপের ফাইনাল

তিনটি বিশ্বকাপের ফাইনালের একাদশে থাকা একমাত্র ফুটবলার মেসি। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে, ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে এবং সর্বশেষ ২০২৬ সালে স্পেনের বিপক্ষে নিজের বিশ্বকাপযাত্রায় এই অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

চার মেজর ট্রফি

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসি জিতেছেন চারটি বড় আন্তর্জাতিক শিরোপা। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা।

এক ম্যাচে পাঁচ গোল

আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করার কীর্তি রয়েছে মেসির। ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একাই পাঁচবার জালে বল পাঠান তিনি।

ছয় বিশ্বকাপে অংশগ্রহণ

ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন মেসি। পরবর্তীতে একই কীর্তিতে নাম লেখান পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।

আন্তর্জাতিক ফুটবলে ১১ হ্যাটট্রিক

আন্তর্জাতিক ফুটবলে মেসির হ্যাটট্রিকের সংখ্যা ১১টি। এই তালিকায় তার পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যার হ্যাটট্রিক ১০টি।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচসেরা

বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। বিশ্বমঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সের আরেকটি বড় প্রমাণ এই রেকর্ড।

বিশ্বকাপে সর্বোচ্চ জয়

বিশ্বকাপে মেসির জয় ২৩টি। এটিও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অনন্য রেকর্ড।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ

বিশ্বকাপে মেসি খেলেছেন ৩৪টি ম্যাচ। বিশ্বকাপের ইতিহাসে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

৪৫ দেশের বিপক্ষে গোল

আর্জেন্টিনার জার্সিতে মেসি ৪৫টি দেশের বিপক্ষে গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে তার গোল করার বিস্তৃত সক্ষমতারও এটি একটি অনন্য উদাহরণ।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল

আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা ১২৫। ২০৭ ম্যাচে এই গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর (১৪৬) পরেই রয়েছেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে মেসির এই রেকর্ডগুলোই বলে দেয়, আন্তর্জাতিক ফুটবলে তার প্রভাব কতটা গভীর। শিরোপা, গোল, ব্যক্তিগত পুরস্কার কিংবা বিশ্বকাপের মঞ্চ—সবখানেই নিজের ছাপ রেখে গেছেন তিনি। তাই আর্জেন্টিনার হয়ে তার শেষটা শুধু একটি বিদায় নয়, বরং এক বর্ণিল আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   মেসির রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close