‘খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন’— স্লোগানে বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুল আহসান।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান, ড. ফরহাদু রেজা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।
সভায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ দাবি প্রকাশ করা হয়। দাবিগুলো হচ্ছে— অন্তবর্তীকালিন সরকারের বাতিলকৃত ৩৭টি সোলার প্যানেল প্রোজেক্ট বাস্তবায়ন, লোডশেডিং ও জ্বালানি সংকটকে সাময়িকভাবে মোকাবেলার পরিবর্তে দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তরের সুযোগ হিসেবে নিতে হবে। রুফটপ সোলার, সৌরচালিত সেচ, ব্যাটারি স্টোরেজ, আধুনিক গ্রিড ও সহজ বিনিয়োগ এবং ঋণ- এ পাঁচটি খাতকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে। নেট মিটারিং ও গ্রীড সংযোগের জটিলতা দূর করে ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে সৌর বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে হবে। কৃষিজমি রক্ষা করে অনাবাদি ও সরকারি অব্যবহৃত জমিকে বড় নবায়নযোগ্য প্রকল্পের জন্য অগ্রাধিকার দিতে হবে। জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানীর অংশ দ্রুত বাড়ানোর জন্য একটি সময়বদ্ধ জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভা শেষে প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় পরিবেশ পদক গ্রিনম্যান-২৬ প্রদান করা হয় তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিককে।
দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানী নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নেন ব্যবস্থাপ মো. আবুল কালাম আজাদ। দেশব্যাপি সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন নির্বাহী প্রধান আহসান রনি।
টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডকে গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের। ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা গ্রীনম্যান অ্যাওয়াড গ্রহণ করেন।
গণমাধ্যমকর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গাজী টেলিভিশনের বার্তা প্রধান ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম এবং নিউজ২৪ বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে গ্রিনম্যান অ্যাওয়াড-২৬ পান।
কেকে/এআই