রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিয়েছেন।
সকাল ৭টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
উদ্বোধনী সমাবেশে নেতাদের বক্তব্য শেষে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা করার কথা রয়েছে। যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা, সংবর্ধনা ও অভ্যর্থনা কর্মসূচি আয়োজন করা হবে। পরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের বিষয়ে গণভোটে পাওয়া জনমত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি বলে দাবি তাদের। বরং সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
জোটের নেতাদের দাবি, দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রশাসনে দলীয়করণ ও অব্যবস্থাপনার কারণেও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়েছে বলে দাবি তাদের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের এসব সমস্যা সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে একাধিকবার দাবি জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। সংসদে কার্যকর ভূমিকা রাখার পরও সংকটের সমাধান না হওয়ায় রাজপথে আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।
লংমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য নেতারা।
কেকে/সাশ