সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
বরখাস্তের সাত বছর পর একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর রামকান্ত সিংহ এবার মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। একসময় একই প্রতিষ্ঠানে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভাগীয় মামলার মুখোমুখি হওয়া এবং পরবর্তীতে সাময়িক বরখাস্তের পর ২০১৯ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া এই ব্যক্তিকেই এবার এক বছরের জন্য চুক্তিভিত্তিক পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার ১৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর ১১(১) ও ১১(২) ধারার অধীনে রামকান্ত সিংহকে মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে—চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া একজন সাবেক সরকারি কর্মকর্তা কীভাবে আবার একই প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ পেলেন?

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথি অনুযায়ী, একাডেমির উপপরিচালক থাকাকালে রামকান্ত সিংহের বিরুদ্ধে সরকারি অর্থসংক্রান্ত অনিয়ম, অসদাচরণ, নিয়মবহির্ভূত কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলাভঙ্গ, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন না করা এবং দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২২ মে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০১৭ দায়ের করা হয়।

এরপর ২০১৭ সালের ৬ নভেম্বর তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় তদন্ত ও পরবর্তী কার্যক্রম শেষে ২০১৯ সালের ১৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

চূড়ান্ত বরখাস্তের আদেশের পর চাকরিতে পুনর্বহালের দাবিতে রামকান্ত সিংহ সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩-এ মামলা করেন। সংশ্লিষ্ট নথিতে এ.টি. মামলা নং-৪০৯/২০১৯-এর তথ্য পাওয়া যায়। পরবর্তীতে মামলা নং-৭১/২০২১-এর তথ্যও পাওয়া গেছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এসব মামলা এবং তার সরকারি চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের তথ্য নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের নজরে ছিল কি না। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তাঁর পূর্বের চাকরির রেকর্ড, বিভাগীয় মামলার ফলাফল ও চূড়ান্ত বরখাস্তের বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সচেতন মহলের মতে, একই প্রতিষ্ঠানে পূর্বে দায়িত্ব পালনকালে বিভাগীয় শাস্তির মুখোমুখি হওয়া এবং পরবর্তীতে সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে তার চাকরির রেকর্ড, বিভাগীয় মামলার ফলাফল, বরখাস্তের আদেশ এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে চলমান বা নিষ্পত্তি হওয়া মামলার তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

সরকারি অর্থে পরিচালিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অতীত চাকরির রেকর্ড যাচাই-বাছাই প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। রামকান্ত সিংহের ক্ষেত্রে সেই যাচাই কীভাবে সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত বরখাস্তের প্রায় সাত বছর পর একই প্রতিষ্ঠানে তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের পেছনে কী বিবেচনা কাজ করেছে—এখন সেটিই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহের মুঠোফোনে কল করা হলে তিনি প্রথমে কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। পরে দ্বিতীয়বার কল করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, ‘এ বিষয়ে এখন কথা বলব না, আমি গাড়িতে-যানজটে আছি।’ মামলা চলমান রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরে কথা বলব।’

এ বিষয়ে জানতে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সরকারি মোবাইল নম্বরে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। একই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর টেলিফোন নম্বরে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  চুক্তিভিত্তিক নিয়োগ   মণিপুরী ললিতকলা একাডেমি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close