রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার রাতে ইয়াবা ও গাঁজাসহ মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শেখেরচক পঞ্চবটি গ্রামের জাফরের ছেলে মো. মহিম ওরফে মাহিমকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চয়টি ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭০ টাকা জব্দ করা হয়।
একইরাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুরপাড়ে বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহানগরীর বুলনপুর এলাকার মো. বকুল ওরফে কল্কা (৪৭), গুড়িপাড়ার মো. মিঠু (৪২), মো. রানা (৩৫), মো. মুন্টু শেখ (৫৫), বশড়ী এলাকার মো. ফরমান (৫৬) এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. শামসুল আলম (৪৯)।
অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২ প্যাকেট তাস, দুটি স্মার্টফোন ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) পালিয়ে যায়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক বাবুর বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এআই