চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরকে ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ জেনে বিস্ময় প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
তিনি বলেছেন, ‘এতদিন পর আমরা জানলাম, কাঞ্চননগর সন্ত্রাসীদের অভয়ারণ্য।’ তবে কয়েকজন অপরাধীর কারণে পুরো এলাকার দুর্নাম হতে পারে না।’
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চননগরের মানিকপুর কেরামতিয়া মহিলা মাদরাসার মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি ও সুধী সমাবেশে এসপি এসব কথা বলেন।
ফটিকছড়ি থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে মাসুদ আলম সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘কাঞ্চননগরের আলোচিত সন্ত্রাসী ডেবিট ইমন ও গলাকাটা মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।’
‘কাঞ্চননগরের আলোচিত দুই সন্ত্রাসীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
অপরাধীদের সতর্ক করে তিনি বলেন, ‘যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের সে সুযোগ দিতে কিছুটা সময় দেওয়া যেতে পারে। তবে এরপরও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
মাসুদ আলম বলেন, ‘পাহাড়, খাল, চা-বাগান কিংবা রাবারবাগানের মতো দুর্গম এলাকায় লুকিয়েও কোন সন্ত্রাসী পুলিশের নজর এড়াতে পারবে না। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এ কাজে পুলিশকে তথ্য দিয়ে ও প্রয়োজনীয় সহযোগিতা করে পাশে থাকার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
এসপি বলেন, ‘কাঞ্চননগরের সন্ত্রাসীদের প্রোডাকশন হাউজ নির্মূল করতে হবে।’
কয়েকজন সন্ত্রাসী যাতে নতুন করে অপরাধী তৈরি করতে না পারে, সে জন্য সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
‘কাঞ্চননগরের যে দুর্নাম হয়েছে, তা দূর করে এলাকাটিকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’
নতুন প্রজন্মের প্রসঙ্গ তুলে মাসুদ আলম বলেন, ‘শিশুরা ছোটবেলা থেকে আশপাশে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে ভবিষ্যতে তারাও অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই শিশু-কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা জরুরি।’
সমাবেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানের সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) সুমন দের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, সেক্রেটারি শফিউল আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউচুপ বিন সিরাজ, ইউনিয়ন জামায়াতের আমির সাইরান কাদের চৌধুরী, কাঞ্চননগর আহমদিয়া কেরামতিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ শফিউল খান, বিএনপি নেতা মোজাম্মেল প্রমুখ।
সমাবেশে বক্তারা কাঞ্চননগরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কেকে/এমএ