‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
এ সময় সহকারী কমিশনার ফারজানা সরকার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মঞ্জুর আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মো. সেলিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষা ব্যবস্থার মান আরও বাড়াতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আর সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এ সময় বক্তারা আরও বলেন, পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, দুর্গমতা ও শিক্ষক সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষাব্যবস্থায় অনেক সমস্যা হচ্ছে। আর সেই সমস্যাগুলো মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ, এলাকাবাসী ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কেকে/এমএস