কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দিনমজুর ও গৃহিণী বাবা মায়ের ওপর নির্ভর করেই চলাচল করতে হতো জন্মগতভাবে প্রতিবন্ধী আব্দুর রহমানকে। পরিবারের কাঁধে বোঝা হয়েই এক প্রকার চলছিল তার সংগ্রাম। সম্প্রতি বিষয়টি ভেড়ামারার ইউএনওর নজরে আসলে তিনি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে হুইল চেয়ারটি তার হাতে হস্তান্তর করা হয়।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে শিশুটির পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
আব্দুর রহমানের মা খাতুনা বলেন, ‘আমাদের অসহায় অবস্থার কথা শুনে ইউএনও স্যার যেভাবে আন্তরিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমরা কখনো ভুলব না। তার এই সহমর্মিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে। এখন হুইল চেয়ারে বসে আমার ছেলে নিজে নিজেই চলতে পারবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, ‘প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহযোগিতায় প্রশাসন সবসময় আন্তরিক রয়েছে।’
বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুস সালাম ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল এমন কর্মকাণ্ড প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।’
কেকে/ এমএস