রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      
জাতীয়
জাতীয় ঐক্যে ফাটল, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ
রোকন উদ্দিন
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জুলাই গণঅভ্যুত্থানের মাত্র দুই বছরেই ফ্যাসিবাদবিরোধী শক্তি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের ঐক্যে দেখা দিয়েছে ভাঙন। ক্ষমতা, সংস্কার ও রাজনৈতিক কৌশলকে কেন্দ্র করে একসময় একই প্ল্যাটফর্মে থাকা দলগুলো এখন ভিন্ন অবস্থানে। স্পষ্ট হয়েছে মতপার্থক্য। বিনষ্ট হয়েছে সম্পর্ক। বেড়েছে রাজনৈতিক বিভাজনও। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি সমালোচনার জেরে উত্তপ্ত পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। আর এরই সুযোগ নিচ্ছে পতিত আওয়ামী লীগ। 

কার্যক্রম নিষিদ্ধ দলটির সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ভারতে অবস্থানরত হাসিনার এ ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হয়ে উঠছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, সমাবেশ এবং গোপন বৈঠকে অংশ নিচ্ছেন তারা। ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে। এসব কর্মকান্ডে গ্রেপ্তারও চলছে। 

তবে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের প্রত্যাবর্তন এবং আধিপত্যবাদ ফেরার আশঙ্কা রয়েছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে পারস্পরিক অনৈক্য বা দূরত্ব তৈরি হলে তার সুযোগ নিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা। দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন যত বাড়বে, ততই অতীতের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হবে। 

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুতে পরস্পরের সমালোচনার করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তাপ ছড়াচ্ছে। এ নিয়ে গণমাধ্যমেও আলোচনা রয়েছে। এ ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে বিএনপি ও তাদের শরিকরা, অন্যদিকে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সমমনা দলগুলো। 

ক্ষমতাসীন বিএনপি বলছে, তারা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী সরকার পরিচালনার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করবে। এ কারণে দলটির সঙ্গে জামায়াত ও এনসিপির দূরত্ব বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে সংবিধান ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে মতপার্থক্য রয়েছে জামায়াতের। একই সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্প্রতি অভিযোগ করা হয়েছে যে, সরকারের ভেতরের একটি অংশ এবং প্রশাসনের কিছু প্রো-ফ্যাসিবাদী উপাদান আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে এবং এর ফলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে। গত শুক্রবার ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে গণমাধ্যমে ব্রিফিংকালে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের অনুসারীরা দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ভেতর থেকে সহযোগিতা করছে। 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির বিপক্ষে অভিযোগ তুলেছেন। গত বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির কিছু কর্মকাণ্ড ও একক আধিপত্যের চেষ্টার কারণে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে এবং জুলাইয়ের চেতনা ক্ষুণ্ন হচ্ছে। 

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াত-এনসিপির সমালোচনা করে পাল্টা বক্তব্য দিচ্ছেন। জামায়াতকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খালেদা জিয়া ২০০১ সালে জামায়াতের ২ নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন। জামায়াত এখন সব ভুলে গেছে।  তারা এখন লংমার্চ করে সরকার পতনের হুমকি দেয়। 

তিনি বলেন, এনসিপি ও জামায়াতর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরোনো। এখন তারা যে আন্দোলন করছে, এটা আওয়ামী লীগকে সহায়তা করার শামিল। এছাড়া জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গত শুক্রবার ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়ে অপতৎপরতা চালিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশাল আকারে মিছিল করে সংগঠিত হচ্ছে। ককটেল ফাঁটিয়ে নাশকতা করছে। গোপন বৈঠক করছে। বাস ও ট্রেনে আগুন দিচ্ছে। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। 

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। 

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে, ফ্যাসিবাদী চক্রের দোসররা গোপনে বা নানা ছদ্মবেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ট্রাইব্যুনালে ফাঁসির আদেশে ক্ষুব্ধ হয়ে দলটির নেতারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করছেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। গত রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন এসব তথ্য জানান।

এদিকে ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য কমে যাওয়ায় গত ৩-৪ দিনে রাজধানীতে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আবারও দ্রুত ঐক্যবদ্ধ হতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলেও জানান তিনি। 

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় ঐক্য   ফাটল   আওয়ামী লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close