সারাদেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এ সময়ে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৯৯ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৫৩ জন, চট্টগ্রামে ৩৩৮ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ১২২ জন, খুলনায় ৯৩ জন এবং রংপুরে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।’
অন্যদিকে, সারাদেশে গেল ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।
ডেঙ্গুবিষয়ক বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ২৬ দিনে ১২৮ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৬ জন।
গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬৪ জন। এর বাইরে খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন ও রাজশাহীতে ১৭৬ জন।
কেকে/এমএ