নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধা বাড়াতে দেশে দ্রুত আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও যাত্রী চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নারীদের জন্য পরিবহনসেবা সম্প্রসারণসহ সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বর্তমান পিংক বাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেসব স্থানে সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার কথাও বৈঠকে জানানো হয়। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতে প্রয়োজন অনুযায়ী সোজা বা ‘স্ট্রেইট লাইন’ করার ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস