দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের জয়পুরহাটের কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িত মুরাদ হোসেন ও তার মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলা পরিষদের মূল ফটকের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলায় জড়িত কালাই তালুকদারপাড়ার মো. নুহু তালুকদারের ছেলে মুরাদ হোসেনসহ ঘটনার মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
জয়পুরহাট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভিরুল ইসলাম রিগান, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিদা, মাত্রাই মডেল কলেজের প্রভাষক আমানউল্লা তালুকদার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএজি নাফসি তালুকদার, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ করিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলমসহ অন্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল ইসলাম রমি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সউদ তালুকদার, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মতলুব হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোকাররম হোসাইন, জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাংবাদিক রাসেল তালুকদারসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল বাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে কালাই উপজেলা ভূমি অফিসে যান সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন। এ সময় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে গেলে সেখানে স্থানীয় আইনজীবী নাফিউৎজামান তালুকদার, মো. নুহু তালুকদার ও তার ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার দেখা হয়।
পরে সেখান থেকে বের হয়ে ভূমি অফিসের পাশে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন তৌহিদুল। এ সময় মুরাদ হোসেন কৌশলে তাকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কেকে/সাশ