সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      ● ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য যাচাইয়ে সরকারের নতুন নির্দেশনা      ● মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই      ● হামলার পর মিরপুরের রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড      ● স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম      
দেশজুড়ে
জীবননগরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিবহন শ্রমিকদের ওপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আন্তঃজেলা ও উপজেলা রুটে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

জীবননগর পৌর শহর ও বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় শহরে বেড়েছে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের সংখ্যা। এতে বিভিন্ন সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছে। বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ইজিবাইকচালকরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে ব্যারিকেড তুলে নেন ইজিবাইক ও ব্যাটারিচালকরা। তবে একই দিন রাতে পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘটের ফলে চুয়াডাঙ্গা ও জীবননগর উপজেলার অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

যাত্রী আরহাম আল বলেন, ‘বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।’

আরেক যাত্রী উম্মি বলেন, ‘বাস চলাচল না করায় টার্মিনালে এসে ফিরে যেতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।’

এ দিকে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং মহাসড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না আসা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন। মহাসড়কে ইজিবাইকের এ ধরনের স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া যায় না। দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে দূরপাল্লাসহ সব রুটের বাস বন্ধ করে দেওয়া হবে হুশিয়ারী দেন তিনি।’

এ দিকে বাস ধর্মঘট দ্রুত প্রত্যাহার করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   অনির্দিষ্টকাল   বাস ধর্মঘট   ভোগান্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close