যশোরের কেশবপুর উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় পাওয়া যায়।
এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় এক লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
সেলিমুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশু খাদ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
কেকে/এআই