বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, চিকিৎসক, ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
র্যালি শেষে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাই। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া এবং কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, হৃদরোগ বর্তমানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপানসহ বিভিন্ন অস্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজ পর্যায়েও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
তারা আরও বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম ও পরিমিত খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হৃদরোগের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।
বক্তারা হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কেকে/সাশ