ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নে চৌরাস্তা ও কুটিরা এলাকায় জমি জবর দখলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পিয়ন মো. আলমগীর প্রকাশ্যে চোখ তুলে ফেলার হুমকির ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে এ সংক্রান্ত হুমিকর ঘটনায় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সরকারি কর্মচারীর এমন আচরণে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, ‘এ দিকে চোখ তুলে তাকাবি চোখ তুলে ফেলবো, সাবধান কোনো কথা নাই। কোনটায় ক্যামেরা করে ক্যামেরা দে হেইডা। কিয়ের ক্যামেরা করস তুই, এই সালারপুত।’ প্রতিবেদকের কাছে ভিডিওটি ভিডিও সংরক্ষিত আছে।
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মো. আলমগীর বর্তমানে ঢাকার কর অঞ্চল-২, সার্কেল (২৩-৪৫)-এর অধীনে পিয়ন হিসেবে কর্মরত আছেন। এলাকায় তার বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রয়েছে। সম্প্রতি সময়ে পাটিরা বাজারে মোবারক হোসেন দোকান পাট ভাংচুর ও মালামাল লুটপাট করে তার পরিবারকে মারধর করার অভিযোগ উঠেছে। জমি দখল এবং হয়রানির ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। ময়মনসিংহের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং- ৫৩৭/২৬।
ভিডিওর বিষয়ে বক্তব্যে জানতে আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ জমি নিয়ে থানায় তিনবার সালিশ হয়েছে। ১৯৯২ সালে আমার পিতার কেনা সম্পত্তি। সেই জমিতে মাটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। ৩৫ বছর পরে ষড়যন্ত্র করে বাবুল মেম্বার, নুরু, বারেক, আমার ঘরে মহিলা তুলে দিয়েছে। ঘর থেকে বের করার সময় রাগের মাথায় চোখ তুলে ফেলার কথা বলেছি।
কেকে/এআই