এলপিজি সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে সব গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সেলিম খান বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদ জানাতেই দুই দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে এলপিজি সিলিন্ডারের বিপণনব্যবস্থা। এ সব কোম্পানির মাধ্যমে কর্তৃত্ববাদী কায়দায় এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ অক্টোবর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।
তবে ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না। বর্তমানে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ফলে নির্ধারিত মূল্য ও বাজারদরের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।
কেকে/এআই