চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)’-এর কর্মীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার (১০ ও ১১ অক্টোবর) ইপসার সীতাকুণ্ড এইচআরডিসিতে সংস্থাটির ওএলআর ইউনিটের উদ্যোগে প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ইপসার রিসোর্স টিম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন অধিবেশনে দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ইপসার সমাজ উন্নয়ন বিভাগের পরিচালক নাছিম বানু। তিনি বলেন, সংস্থার সব কর্মীকে দুর্যোগবিষয়ক প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞান নিজ পরিবার ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানোর সক্ষমতা বাড়বে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রজেক্ট অফিসার আতাউল হাকিম আরিফ, মিল অফিসার এস এম সাহরিয়ার আলম, প্রশিক্ষণ কর্মকর্তা শাহ সুলতান শামীম ও মো. বখতিয়ার হোসেন।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অধিবেশন পরিচালনা করেন ইপসার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ, প্লাস্টিক অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারাহ আমিনা খাতুন এবং সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন।
সমাপনী অনুষ্ঠানে ইপসার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ ও নিরীক্ষা ইউনিটের ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে নেওয়াজ মাহমুদ বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা দেশের সম্পদ। কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা মানুষের উপকার করতে পারেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান চর্চা ও অন্যদের সঙ্গে ভাগাভাগি করার মাধ্যমে কার্যকর হয়ে ওঠে। তাই প্রশিক্ষণ গ্রহণের পর দায়িত্বও বেড়ে যায়।’
কেকে/সাশ